হোম > ফ্যাক্টচেক > দেশ

জানাজার ভিডিও ছড়িয়ে হাইকোর্টের সামনে আ.লীগের মিছিল বলে দাবি

ফ্যাক্টচেক ডেস্ক

হাইকোর্টের সামনে আওয়ামী লীগের মিছিলের দাবিতে পুরোনো ভিডিও প্রচার। ছবি: স্ক্রিনশট

হাইকোর্টের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিশাল মিছিল করেছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিতে কয়েকটি পোস্ট আছে এখানে , এখানে, এখানেএবং এখানে।

‘Gsm Foysal Ahmad’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়। গত রোববার (৮ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটে প্রকাশিত ভিডিওটি আজ বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত ৫৬ হাজার বারের বেশি দেখা হয়েছে। পোস্টটিতে তিন হাজারের বেশি রিঅ্যাশন ও কয়েক শ কমেন্ট রয়েছে।

ছড়িয়ে পড়া পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অনেকে ভিডিওটিকে সত্য মনে করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমর্থনে কমেন্ট করেছেন। পোস্টের কমেন্টে একজন বলেন, ‘জনতার জনস্রোতে রাজপথ প্রকম্পিত করে তুলতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ আরও একজন লিখেছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। তবে একজন কমেন্ট করেছেন, ‘কই ভাই, আমিতো এখানে আপনাদের দেখলাম না। আসলে আপনারা ভুয়া।’

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ১১ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, অনেক মানুষ একসঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। ভিডিওটি শেয়ার করে ঘটনাস্থল হিসেবে হাইকোর্টের সামনের কথা বলা হলেও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

দাবিটির সত্যতা যাচাইয়ে জাতীয় গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে অনুসন্ধান করেও হাইকোর্টের সামনে সম্প্রতি আওয়ামী লীগের নেতা-কর্মীদের এমন কোনো মিছিলের খবর পাওয়া যায়নি।

পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘প্রত্যাবর্তন ২.০’নামের একটি ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। চলতি বছরের ১ জুন ‘তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান দিয়ে মিছিল। ধেয়ে আসছে শেখ হাসিনা বসন্ত।’—ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। এর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। একই দিন পেজটিতে একই ঘটনার আরও কয়েকটি ভিডিও পাওয়া যায়।

১ জুনের ভিডিও। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে জাতীয় গণমাধ্যমেও একই ঘটনার ভিডিও (১, ২, ৩) প্রতিবেদন পাওয়া যায়।

অন্যান্য গণমাধ্যমের ভিডিও। ছবি: স্ক্রিনশট

এ বিষয়ে ‘বাংলা ট্রিবিউন’-এ ‘তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘‘জয় বাংলা’’ স্লোগান, নেতাকর্মী আটক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়ায় ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দলীয় নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করলে পুলিশ তাঁদের কয়েকজনকে আটক করে।

বাংলা ট্রিবিউনের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন অনুযায়ী, ‘সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নেতা-কর্মীরা স্লোগান দিতে শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।’

প্রতিবেদনে আরও বলা হয়, ওই দিন বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। তাঁর প্রথম জানাজা ধানমন্ডিতে অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তী জানাজা আয়োজনের কথা ছিল পরদিন মঙ্গলবার ভোলায় তাঁর গ্রামের বাড়িতে।

একই ঘটনার বিষয়ে অন্যান্য (১, ২) জাতীয় গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে জানাজার স্থান, জানাজাপরবর্তী মিছিল, স্লোগান ও পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের যে বিবরণ পাওয়া যায়, তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর প্রেক্ষাপটের মিল রয়েছে।

সিদ্ধান্ত

হাইকোর্টের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিশাল মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ভিডিওটি চলতি বছরের ১ জুন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সাবেক নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে দলীয় নেতা-কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার দৃশ্য। পুরোনো ওই ভিডিওকে হাইকোর্টের সামনে সাম্প্রতিক মিছিলের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com