গায়ে ধাক্কা লাগায় বিএনপি নেতার মারধরের শিকার বৃদ্ধ—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রচারিত ১৬ সেকেন্ডের এই ভিডিও বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক শেয়ার হচ্ছে।
মো. ইয়াসিন খাঁন নামের একটি ফেসবুক পেজ থেকে ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩৫ মিনিটে পোস্টটি শেয়ার করা হয়। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৪ মিনিট পর্যন্ত এটি ১৫ হাজার বার দেখা হয়েছে। পোস্টটি ৭৭ বার শেয়ার করা হয়েছে। এছাড়া এতে ৩৩০টি রিয়্যাকশন এবং ২২টি মন্তব্য রয়েছে।
পোস্টের মন্তব্যগুলো যাচাই করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী বিএনপি নেতার নামে প্রচারিত দাবিটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
আলোচিত দাবিতে পোস্ট আছে এখানে , এখানে, এখানে এবং এখানে।
আজকের পত্রিকার অনুসন্ধান
ভিডিওর শুরুতে দেখা যায়, কালো জ্যাকেট ও জিন্স পরিহিত এক মধ্যবয়সী একজন বৃদ্ধকে প্রথমে থাপ্পড় মারেন। বৃদ্ধ ব্যক্তি ধাক্কা সামলে কিছুটা সরে যান। এর কিছুক্ষণ পর মধ্যবয়সী ব্যক্তি বৃদ্ধকে কিছু বলেন এবং আবার থাপ্পড় মারেন। এরপর নারী মহিলা এসে প্রথমে ওই বৃদ্ধকে আঙ্গুল তুলে শাসিয়ে দিচ্ছেন, এরপর আবার মধ্যবয়সীকে মারতে বাধাও দেন।
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে করুণ সুর বাজতে শোনা যায়। ফলে কথা স্পষ্ট শোনা যায় না। তবে দু-একটা শব্দের উচ্চারণে বোঝা যায় ভিডিওর ব্যক্তিদের কথাবার্তা বাংলাদেশের মানুষের কথাবলার ধরন থেকে আলাদা।
বিষয়টি নিয়ে রিভার্স ইমেজ সার্চ ও কি–ওয়ার্ড সার্চ করে অনুসন্ধান করা হলে এ বিষয়ে গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে heaven_nepal77 নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৭ ফেব্রুয়ারি পোস্ট করা একটি ছবি পাওয়া যায়। ছবির ক্যাপশনে নেপালি ভাষায় যা লেখা রয়েছে সেটি ইংরেজি অনুবাদের পর বাংলা করলে হয়— ‘ব্রেকিং নিউজ: ৩ চ ১১০৩ নম্বর গাড়ির চালক পরশ বম, যিনি এক প্রবীণ ব্যক্তিকে মারধর করেছিলেন, তাকে ট্রাফিক পুলিশ গ্রেপ্তার করেছে।’
শেয়ার করা ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে থাকা ব্যক্তিদের মিল পাওয়া যায়।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ১৭ ফেব্রুয়ারি নেপালের হিন্দি ভাষার গণমাধ্যম Khabarcenter.com-এ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, কাঠমান্ডুতে এক পথচারীকে ঘুষি মারার অভিযোগে গাড়িচালক পরশ বমকে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশ। কাঠমান্ডু ভ্যালি ট্রাফিক পুলিশের এসএসপি নবরাজ অধিকারী এ তথ্য জানান।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, একটি জুতার কারখানার সামনে পরশ বম নামে ওই ব্যক্তি ওই বৃদ্ধ পথচারীকে মারধর করেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্ত করে তাঁকে আটক করে। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে তিনি গালাগাল ও মারধর করছেন। পাশে থাকা এক নারীকেও গালাগাল করতে দেখা যায়।
এ ছাড়া ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে জানা যায়, আলোচিত ঘটনাটি নেপালের।
সিদ্ধান্ত
ভাইরাল ভিডিওর ঘটনাটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। ভিডিওতে থাকা ব্যক্তিরাও কেউ বাংলাদেশি নন। ঘটনাটি নেপালের।