হোম > ফ্যাক্টচেক > দেশ

আ. লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ে জাইমা রহমানের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক

জাইমা রহমানের নামে ছড়ানো ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

‘আমার মনে হয়, ১৫ আগস্ট আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত’— প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে এমন মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (১, ২, ) পড়েছে।

গতকাল ৭ আগস্ট ‘Sajeeb Wazed Joy’ নামের ফেসবুক গ্রুপে একটি ফটোকার্ড শেয়ার করা হয়, যা আলোচিত দাবিতে সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। শেয়ার করা ফটোকার্ডটিতে আজ সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত ১ হাজার ৪০০ রিয়েকশন, ১৩৩ কমেন্ট ও ৯১ শেয়ার রয়েছে।

শেয়ার করা পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারীই ফটোকার্ডটিকে সত্য মনে করেছেন। একজন কমেন্টে লেখেন, ‘উচ্চ শিক্ষার বহিঃপ্রকাশ।’ অপর একজন লেখেন, ‘জাইমা রহমান বর্তমান যুগের মেয়ে, তাদের চিন্তাশক্তি যথেষ্ট আপডেটেড... তাঁর সে উদার সৎ সাহস আছে বলেই বলেছেন। ধন্যবাদ জাইমা রহমানকে।’ আরেকজন ব্যবহারকারী আবার বলেন, ‘ভালো হবার নাটক করছে, তবে তারেকের উচিত মেয়ের কথা ভেবে আওয়ামী লীগের সাথে সমঝোতা করা।’

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ফটোকার্ডটির সত্যতা যাচাইয়ে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে ব্যারিস্টার জাইমা রহমানের এমন কোনো মন্তব্যের প্রমাণ মেলেনি।

তবে পর্যবেক্ষণে ফটোকার্ডটির নিচে ‘Mash News 02’ নামের একটি লোগো পাওয়া যায়। ওই সূত্র ধরে অনুসন্ধানে ‘Mash News 02’ নামের একটি ফেসবুক পেজে গত ৬ আগস্ট রাত ১০টা ৮ মিনিটে শেয়ার করা হুবহু একই ফটোকার্ড পাওয়া যায়। তবে কেবল ‘জায়মা রহমান’ ক্যাপশনে শেয়ার করা ওই পোস্টে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পেজটি পর্যবেক্ষণ করে বিভিন্ন বিষয়ে তৈরি করা ভিত্তিহীন ও মনগড়া আরও কিছু (১, ২,) ফটোকার্ড পাওয়া যায়।

‘Mash News 02’-এর ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

আরও অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ইংরেজি সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে জাইমা রহমানের মূল ছবির সন্ধান পাওয়া যায়। ‘Every political party should have a code of conduct to ensure women’s safety: Zaima Rahman’ শিরোনামে গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটির সঙ্গে আলোচিত ফটোকার্ডের ছবিটির হুবহু মিল রয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, জাইমা রহমান বলেছেন, রাজনীতিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব আচরণবিধি থাকা দরকার। কোনো নারী নেত্রী বা কর্মী হয়রানি বা ক্ষতির শিকার হলে দলকে তাঁর পাশে দাঁড়িয়ে আইনি ও নিরাপত্তা সহায়তা দিতে হবে। ঢাকায় আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি আরও বলেন, পুরুষদের তুলনায় নারীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া কঠিন। তাই নারীদের নেতৃত্বে আসার সুযোগ, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা বাড়ানোর পাশাপাশি সমাজের নারীবিদ্বেষী মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

এ ছাড়া গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘Women in the Struggle for Democracy: Contributions and the Bangladesh of Tomorrow’I শীর্ষক সেই গোলটেবিল বৈঠকের ভিডিও ও ছবি পর্যালোচনা করে দেখা যায়, সেদিন জাইমা রহমানের পরিহিত পোশাকের সঙ্গে আলোচিত ভুয়া ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির হুবহু মিল রয়েছে।

প্রথম আলোর প্রতিবেদন ও গোলটেবিল বৈঠকের ভিডিও। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে জাইমা রহমানের নামে প্রচারিত উক্তিটি বানোয়াট ও ভিত্তিহীন। রাজনীতিতে নারীদের নিরাপত্তা সংক্রান্ত একটি গোলটেবিল আলোচনায় জাইমা রহমানের অংশ নেওয়ার পুরোনো ছবি ব্যবহার করে আলোচিত দাবিতে ভুয়া ফটোকার্ডটি প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

‘জুলাই আন্দোলনে ছাদ থেকে গুলি করেছে মৌলবাদীরা’ দাবিতে ছড়ানো ভিডিওটি অস্ট্রেলিয়ার

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও ছাত্রদল-শিবির সংঘর্ষের দাবিতে প্রচার

ইশরাকের নেতৃত্বে প্রতিবাদ মিছিলকে আ.লীগের মশাল মিছিল দাবিতে প্রচার

ঢাকার সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের দাবিতে ছড়ানো ভিডিওটি বিহারের

‘বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা’ দাবিতে ছড়ানো হলো আসামের ভিডিও

‘আগে মানুষ গরমে গাছের নিচে ঘুমাত’—রিজভীর নামে ছড়ানো উদ্ধৃতিটি বানোয়াট

গ্যাস-সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধের দাবিটি সঠিক নয়

‘আ.লীগ নেতার স্ত্রীকে হত্যা’—দাবিতে ছড়ানো হচ্ছে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও

ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে দাবিটি ভুয়া

গোলাপগঞ্জে এনসিপির মঞ্চ ভাঙচুরের দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার