হোম > ফ্যাক্টচেক > দেশ

১১ দলীয় জোটের লংমার্চের দাবিতে ছড়ানো ভিডিওটি খুলনার পুরোনো সমাবেশের

ফ্যাক্টচেক ডেস্ক

১১ দলীয় জোটের লংমার্চের দাবিতে প্রচারিত ভিডিও। ছবি: স্ক্রিনশট

সম্প্রতি জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোট ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ করেছে। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে রাত ৮টায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মাধ্যমে লংমার্চটি শেষ হয়।

এই প্রেক্ষাপটে ১১ দলীয় জোটের লংমার্চের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলোচিত দাবিতে অন্তত ৩০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

প্রচারিতভিডিওগুলোর( ,, , ) কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে মনে করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ১৬ সেকেন্ডের ভিডিওটিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। এ সময় ‘নারায়ে তাকবির’ স্লোগানও শোনা যায়। ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে সম্প্রতি অনুষ্ঠিত ১১ দলীয় জোটের লংমার্চের কোনো ভিডিওটির সঙ্গে এর মিল পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে ‘MD Zakaria Hossain Saidi’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। গত বছরের ১ ডিসেম্বর ‘আজকে খুলনায় জামায়াত ইসলামীসহ সমমনা ৮ দলের ঐতিহাসিক সমাবেশে লোকে লোকারণ্য ছিল। আগামীর বাংলাদেশ এক ইসলামী বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে।’—এমন ক্যাপশনে ভিডিওটি ওই পেজে শেয়ার করা হয়।

MD Zakaria Hossain Saidi নামের ফেসবুক পেজের ভিডিও। ছবি: স্ক্রিনশট

সে সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজইউটিউব চ্যানেলেও প্রায় একই ভিডিও পাওয়া যায়।

জামায়েত ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজের ভিডিও। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া, গত বছরের ১ ডিসেম্বর জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে প্রকাশিত ওই সমাবেশের একটি ছবির সঙ্গে ‘MD Zakaria Hossain Saidi’ নামের পেজে একই দিনে শেয়ার করা অপর একটি ভিডিওর মিল রয়েছে।

কম্পেরিজন: আজকের পত্রিকা

কম্পেরিজন: আজকের পত্রিকা

এ বিষয়ে অনুসন্ধানে ‘৮ দলের খুলনা বিভাগীয় সমাবেশে কে কী বললেন?’ শিরোনামে প্রকাশিত বাংলা নিউজের একটি প্রতিবেদনে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১ ডিসেম্বর বিকেলে আন্দোলনরত ৮ দলের খুলনা শাখার উদ্যোগে মহানগরীর ঐতিহাসিক বাবরী চত্বর (শিববাড়ী মোড়) এলাকায় বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবেদন অনুযায়ী, সমাবেশে বক্তারা জাতীয় নির্বাচন, গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের সমালোচনা করে ইসলামী আইনভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

ভিডিওটি সম্প্রতি অনুষ্ঠিত ১১-দলীয় জোটের লংমার্চের নয়। মূলত ২০২৫ সালের ১ ডিসেম্বর খুলনায় অনুষ্ঠিত ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশের ভিডিওকে লংমার্চের ঘটনা দাবি করে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com