হোম > ফ্যাক্টচেক > দেশ

ছাগল চুরি করতে এসে বিএসএফ সদস্য আটক দাবির ছবিটি এআই নির্মিত

ফ্যাক্টচেক ডেস্ক

ছাগল চুরি করতে এসে বিএসএফ সদস্য আটক দাবিতে প্রচার। ছবি: স্ক্রিনশট

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ছাগল চুরি করতে এলে স্থানীয় জনতা তাঁকে ধরে মাথা ন্যাড়া করে দিয়েছে—এমন একটি চাঞ্চল্যকর দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবির সপক্ষে রশি দিয়ে বাঁধা এক ব্যক্তির ছবিও প্রচার করা হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স , ফেসবুকইউটিউবসহ বেশ কিছু হ্যান্ডল এবং পেজ থেকে তথ্যটি প্রচার করা হচ্ছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, গ্রিলের সঙ্গে বাঁধা হাতের সঙ্গে একটি মাংসপিণ্ড। এ ছাড়া ছবিতে থাকা ব্যক্তির পোশাকের ওপর দুই জায়গায় ‘BSF’ লেখা পাওয়া যায়। সাধারণত যেকোনো বাহিনীতে নেমপ্লেট বা ব্যাজ একপাশে থাকে, কিন্তু এখানে বুকের দুই পাশেই একই লেখাসংবলিত ব্যাজ। লক্ষ করলে দেখা যায়, নেমপ্লেটে নামের জায়গায়ও ‘BSF’ লেখা রয়েছে।

ছবিটির এই অসংগতির কারণে এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-এর সহায়তা নেওয়া হয়। হাইভ মডারেশনের বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৬৬ শতাংশের বেশি।

হাইভ মডারেশনের বিশ্লেষণ। ছবি: স্ক্রিনশট

পাশাপাশি দেশের মূলধারার সংবাদমাধ্যম এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনুষ্ঠানিক বিবৃতি ও সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করে সম্প্রতি কোনো বিএসএফ সদস্যকে বাংলাদেশে ছাগল চুরি করতে এসে আটক, মারধর বা প্রকাশ্যে অপদস্থ করার মতো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালের ৯ ডিসেম্বর ‘বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বিএসএফের ছাগল চুরি’ শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে এবং ২০২৫ সালের ৪ জুন অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ‘বিএসএফ সদস্যকে ধরে কলাগাছের সঙ্গে বাঁধল জনতা’ শিরোনামে আরটিভি অনলাইনে প্রতিবেদন পাওয়া যায়।

বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে আরও অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজটোয়েন্টিফোর’-এর অফিশিয়াল ফেসবুক পেজে ‘আবারও চুরি করতে গিয়ে আটক ব্রাজিল সমর্থক!’ ক্যাপশনে গত ৯ জুন প্রকাশিত একটি ভিডিওফটোকার্ড পাওয়া যায়। ওই ছবি এবং ভিডিওতে থাকা ব্যক্তির চেহারা ও ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়। যদিও ভিডিওতে ঘটনাস্থল, সময় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় জানা যায় না।

বাংলানিউজটুয়েন্টিফোরের ভিডিও ও ছবি। ছবি: স্ক্রিনশট

ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বারান্দার গ্রিলের সঙ্গে বাঁধা। গায়ে ব্রাজিল ফুটবল দলের জার্সি পরা ব্যক্তিকে কেউ একজন নানা প্রশ্ন করছেন। তিনি ব্রাজিলের জার্সি পরে কেন চুরি করতে এসেছেন জানতে চাইলে ওই যুবক জবাব দেন, তিনি ব্রাজিলের সমর্থক। ভিডিওটির একটি দৃশ্যের সঙ্গে আলোচিত বিএসএফের ইউনিফর্ম পরা হাত বাঁধা ব্যক্তির মিল রয়েছে।

কম্পেরিজন। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

কুড়িগ্রাম সীমান্তে ছাগল চুরি করতে এসে বিএসএফ সদস্য আটক ও মাথা ন্যাড়া করার দাবিটি বানোয়াট। সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া ‘চুরি করতে গিয়ে আটক হওয়া এক ব্যক্তির’ ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে পরিবর্তন করে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

হানিফ সংকেতের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

নিজেদের আমলে শ্লীলতাহানির ঘটনাকে বিএনপি শাসনামলের বলে প্রচার করছে আওয়ামী লীগ

বিমানবন্দরে মাদকসহ আটক ভারতীয় নাগরিকের ঘটনাকে জুলাই আন্দোলনের নেতা দাবিতে প্রচার

গাইবান্ধায় কলেজছাত্র খুন ও বাড়িতে হামলার ঘটনাটি জমি-সংক্রান্ত বিরোধের, রাজনৈতিক নয়

আফগানিস্তানে জঙ্গি প্রশিক্ষণের ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিওটি ২০২২ সালের

ছাত্রলীগের মিছিল নিয়ে তথ্যমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ের খবরটি ভারতের, জামায়াত নেতার নামে মিথ্যা প্রচার

জুলাই আন্দোলনের ভিডিওকে আ. লীগের মিছিল দাবিতে প্রচার

সুনামগঞ্জের ‘চোর নির্মূল কমিটি’র অভিযানকে সাম্প্রদায়িক নির্যাতন বলে প্রচার