হোম > ফ্যাক্টচেক > দেশ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে পোশাকশ্রমিককে কোপানোর ঘটনাকে ‘বিএনপির হামলা ও হত্যা’ দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

বিএনপির নেতা-কর্মীদের হাতে পোশাকশ্রমিককে হত্যার দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে এক নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে হামলার জন্য কোথাও বিএনপি, কোথাও যুবদল, আবার কোথাও ছাত্রদলের নেতা-কর্মীদের দায়ী করা হচ্ছে।

আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া এক পোস্টে দাবি করা হয়, ন্যায্য দাবির বিপরীতে বিএনপির সন্ত্রাসীরা ওই শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন নারী শ্রমিক একসঙ্গে হেঁটে যাচ্ছেন। এ সময় পেছন থেকে এক যুবক এসে তাঁদের একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। কয়েকটি আঘাতের পর ওই নারী সড়কে পড়ে গেলেও হামলা চালিয়ে যান যুবকটি। এ সময় দুজন ব্যক্তি এগিয়ে এলেও পরে তাদেরও সরে যেতে দেখা যায়। এরপর ওই যুবক আরও কয়েকবার আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

ভিডিওটির সূত্র ধরে অনুসন্ধানে জাতীয় দৈনিক আজকের পত্রিকায় ১৮ নভেম্বর ‘বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর মিরপুরের রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকায় ১৮ নভেম্বর (বুধবার) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে আহত নারীর নাম নূপুর (২২) এবং অভিযুক্ত যুবকের নাম রায়হান (২৫) বলে উল্লেখ করা হয়। নূপুর ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি মিরপুরের সরদার অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। রায়হানও একই কারখানার কর্মী। কারখানা থেকে দুপুরের খাবার খেতে বাসায় ফেরার পথে শিয়ালবাড়ী এলাকায় নূপুরের পথ রোধ করে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রায়হান। পরে পুলিশ তাঁকে আটক করে।

আজকের পত্রিকর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার প্রতিবেদনে পুলিশের বরাতে বলা হয়, নূপুর ও রায়হানের মধ্যে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি রায়হানের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে তিনি নূপুরের ওপর হামলা চালান। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে তাঁরা ঘটনাটিকে প্রেম-ভালোবাসাসংক্রান্ত বলে মনে করছেন। এটি কোনো শ্রমিক অসন্তোষ বা কারখানার অভ্যন্তরীণ বিরোধের ঘটনা নয় বলেও জানান তিনি।

একই ঘটনা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনেও ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান শফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়। সেখানে তিনি জানান, নূপুর ও রায়হানের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের বিচ্ছেদ বা অন্য কোনো সমস্যা থেকে রায়হান তাঁর ওপর হামলা চালিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। প্রতিবেদনটিতে ঘটনাটিকে ব্যক্তিগত দ্বন্দ্বের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিডি নিউজের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এদিকে, হামলার দিন মিরপুরের কাফরুল এলাকায় নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একই দিনে মিরপুরের দুটি পৃথক এলাকায় শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের খবর প্রকাশিত হওয়ায় ঘটনাগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তবে কাফরুলের ওই সংঘর্ষের সঙ্গে শিয়ালবাড়িতে নূপুরের ওপর হামলার কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

বাংলা ট্রিবিউনের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নূপুরের মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে ১৯ নভেম্বর প্রকাশিত ডিএমপির বক্তব্যসংবলিত এক প্রতিবেদনে জানানো হয়, নূপুর মারা যাননি। ১৮ নভেম্বর রাত ১০টায় তাঁর পরিবার বিষয়টি নিশ্চিত করে। চিকিৎসকদের বরাতে পরিবার জানায়, তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত।

এ ছাড়া অন্যান্য (১, ২, ৩,) গণমাধ্যমেও একই তথ্য সংবলিত প্রতিবেদন পাওয়া যায়।

আজকের পত্রিকার তুলনাচিত্র।

সিদ্ধান্ত

মিরপুরের শিয়ালবাড়িতে নারী পোশাকশ্রমিক নূপুরকে কুপিয়ে আহত করার ঘটনা সত্য। তবে তাঁকে বিএনপি, যুবদল বা ছাত্রদলের নেতা-কর্মীরা কুপিয়ে হত্যা করেছেন—এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য–প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ অভিযুক্ত হিসেবে একই কারখানার সহকর্মী রায়হানকে আটক করেছে। পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে এ হামলার ঘটনা ঘটে। অন্যদিকে, হামলার শিকার নূপুর মারা যাননি; তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com