একটি সুউচ্চ ভবনের ওপর ঝুলন্ত ফুটবল স্টেডিয়ামের দৃশ্য সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি ২০৩৪ ফিফা বিশ্বকাপের জন্য সৌদি আরবের পরিকল্পনাকৃত ‘স্কাই স্টেডিয়াম’।
ছড়িয়ে পড়া এসব পোস্টে আরও দাবি করা হয়, স্টেডিয়ামটি মাটি থেকে ১ হাজার ১৫০ ফুট বা ৩৫০ মিটার উঁচুতে ঝুলন্ত অবস্থায় নির্মিত হবে, যা ২০৩২ সালের দিকে চালু করার পরিকল্পনা রয়েছে।
‘Chay Bowes’ নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে গত ২১ জুলাই আলোচিত দাবিতে একটি ভিডিওটি পোস্ট করা হয়, যা পরবর্তীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দৃশ্যটিকে বাস্তব বলে বিশ্বাস করেছেন। অনেকে আবার মাটি থেকে কয়েক শ মিটার উঁচুতে থাকা দর্শকদের জরুরি বহির্গমন ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রচারিত ভিডিওতে একটি আকাশচুম্বী ভবনের ছাদে একটি ফুটবল স্টেডিয়াম এবং ভবনের চারপাশে ঝলমলে শহর দেখা যায়। এ ছাড়া পোস্টটিতে X-এর ‘Made with AI’ লেবেল দেখা যায়, যা সন্দেহ তৈরি করে। ভিডিওটির সত্যতা যাচাইয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অনুসন্ধান চালিয়ে এমন কোনো ভিডিও বা ছবির প্রমাণ মেলেনি।
তবে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম ESPN-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, ২০৩৪ বিশ্বকাপকে সামনে রেখে সৌদি আরব ৩৫০ মিটার উচ্চতায় একটি ব্যতিক্রমধর্মী স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। ‘NEOM Stadium’ নামের মাঠটি সৌদি আরবের নিওম মেগাসিটি প্রকল্পের ‘The Line’-এর অংশ হবে। প্রায় ৪৫ হাজার দর্শক ধারণক্ষমতার ওই স্টেডিয়ামে দ্রুতগতির লিফট ও চালকবিহীন যানবাহনের মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা থাকবে এবং এর পুরোটা নবায়নযোগ্য জ্বালানিতে পরিচালিত হবে।
তবে ভাইরাল হওয়া আকাশচুম্বী ভবনের ওপর ফুটবল স্টেডিয়াম দেখানো ভিডিওটির সঙ্গে এই প্রকল্পের আসল নকশার কোনো মিল নেই। নিওম স্টেডিয়ামের অফিসিয়াল নকশায় দেখা যায়—স্টেডিয়ামটি ‘দ্য লাইন’ মেগাপ্রজেক্টের একটি আনুভূমিক বা চ্যাপ্টা কাঠামোর সাথে সমন্বিত, এটি কোনো একক ট্রফি-আকৃতির মুক্ত ভবনের ভেতর ঝুলন্ত ফুটবল স্টেডিয়াম নয়।
এ ছাড়া সৌদি আরবের নিওমের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট কিংবা ২০৩৪ বিশ্বকাপের জন্য তাদের জমা দেওয়া অফিসিয়াল নথিতেও এই নকশার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
ভিডিওটির সত্যতা যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক-ও-মিটার’ ও ‘হাইভ মডারেশন’-এর সাহায্য নেওয়া হয়। বিশ্লেষণে দেখা যায়, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
এ ছাড়া আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন থেকেও জানা যায়, এটি সৌদি আরবের কোনো অফিশিয়াল নকশা নয়, বরং এআই দিয়ে তৈরি একটি কাল্পনিক ভিডিও, যা পূর্বেও একই দাবিতে সামাসাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
অতএব, সৌদি আরব ২০৩৪ ফিফা বিশ্বকাপের জন্য ‘নিওম’ প্রকল্পের আওতায় মাটি থেকে কয়েকশ মিটার উঁচুতে একটি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব করলেও, ভাইরাল হওয়া সুউচ্চ ভবনের ওপরে ঝুলন্ত স্টেডিয়ামের ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি; এটি সৌদি সরকারের কোনো অফিশিয়াল নকশা নয়।