হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ঝুলন্ত পাথরের ভাস্কর্যকে অলৌকিক ঘটনা বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

মহানবী (সা.)-এর বেঁধে রাখা পাথর দাবিতে প্রচার। ছবি: স্ক্রিনশট

ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে সেটিকে অলৌকিক ঘটনা বলে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, দড়ি দিয়ে বাঁধা দুটি বিশাল পাথরের চাঁইয়ের একটি শূন্যে ঝুলছে। ১ হাজার ৪০০ বছর আগে ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর মোজেজা এটি। তিনিই পাথর দুটিকে এভাবে বেঁধে রেখেছিলেন।

আলোচিত দাবিতে গত ২৭ আগস্ট ‘আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ’ নামের ফেসবুক গ্রুপে একটি ফটোকার্ড শেয়ার করা হয়, যা আলোচিত দাবিতে সম্প্রতি সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। পোস্টটিতে হাজারের বেশি রিয়েকশন রয়েছে। পোস্টটির কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে মনে করেছেন।

কেউ কেউ দাবিটিকে সত্য মনে করে ভিডিও বানিয়ে সবাইকে শেয়ার করার অনুরোধও জানিয়েছেন। এ ছাড়া, একই দাবিতে ২০২২২০২১ সালেও ফেসবুকে পোস্ট পাওয়া যায়।

আজকের পত্রিকার অনুসন্ধান

অনুসন্ধানে ১ হাজার ৪০০ বছর ধরে ঝুলে থাকার কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে ‘Daily Civil Engineering’ নামের একটি ফেসবুক পেজে ২০২২ সালের ১৫ আগস্ট প্রকাশিত একটি ছবির সঙ্গে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির হুবহু মিল পাওয়া যায়। ওই পোস্টের ক্যাপশনে ইংরেজিতে বলা হয়, এটি কায়রো বিমানবন্দরে ভাস্কর শাবান আব্বাসের একটি ভাস্কর্য। পোস্টটির কমেন্টে একজন ব্যবহারকারী দাবি করেন, ‘This an two rocks made of fibre’—অর্থাৎ, পাথরের মতো দেখতে হলেও বস্তু দুটি ফাইবার দিয়ে তৈরি।

ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

পরবর্তীতে স্টক ফটোর ওয়েবসাইট আলামিতে একই ছবি পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, এটি মিসরের কায়রো বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে অবস্থিত একটি ট্রম্পে ল’য়েল ভাস্কর্য। ২০০৮ সালে স্থাপন করা এই ভাস্কর্যের ভাস্কর শাবান মোহাম্মদ আব্বাস। একই তথ্য পাওয়া যায় বার্তা সংস্থা এএফপির প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদনেও।

আলামিতে থাকা ছবি। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া, মিসরের চারুকলা-সম্পর্কিত সরকারি ওয়েবসাইটে শাবান মোহাম্মদ আব্বাস সম্পর্কে বলা হয়েছে, কায়রোর গেজিরা আর্ট সেন্টারের গার্ডেন মিউজিয়াম, কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মডার্ন ইজিপশিয়ান আর্ট মিউজিয়ামসহ দেশটির বিভিন্ন জাদুঘরে তাঁর শিল্পকর্ম স্থান পেয়েছে।

অনুসন্ধানে আরও জানা যায়, শাবান মোহাম্মদ আব্বাস একজন পুরস্কার বিজয়ী ভাস্কর। তিনি ২০১০ সালের ১৭ নভেম্বর ৪১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

পাশাপাশি, ইউটিউবেও ভাস্কর্যটির ভিডিও পাওয়া যায়। ২০২১ সালের ২ জুলাই ‘uttar desh’ নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে বলা হয়, পাথরের মতো দেখতে হলেও ওই দুটি বস্তু আসলে ফাইবারের তৈরি। আর দড়ি বাঁধা অংশটি লোহার তারের কাঠামো।

ইউটিউব ভিডিও। ছবি: স্ক্রিনশট

উল্লেখ্য, একই দাবিতে আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।

সিদ্ধান্ত

ছবিতে আপাতদৃষ্টিতে দড়ি দিয়ে বাঁধা দুটি ঝুলন্ত পাথর মনে হলেও এটি মূলত মিসরের কায়রো বিমানবন্দরে স্থাপিত একটি ভাস্কর্য।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com