হোম > ফ্যাক্টচেক > বিদেশ

আর্জেন্টিনার জার্সি পরে মেসিকে কি ধন্যবাদ জানিয়েছেন হালান্ড

ফ্যাক্টচেক ডেস্ক

আর্জেন্টিনার জার্সি পরে হালান্ডের ছবি। ছবি: স্ক্রিনশট

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারানোর পর নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড আর্জেন্টিনার জার্সি পরে স্ন্যাপচ্যাটে একটি ছবি শেয়ার করেছেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ ১৬ জুলাই সকাল ১০টার দিকে ‘মায়া’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘Erling Haaland on Snapchat’ ক্যাপশনে একটি পোস্ট শেয়ার করা হয়, যা আলোচিত দাবিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে। আজ বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত ওই পোস্টে প্রায় ৪ হাজার ৯০০ রিয়েকশন, ২৭ কমেন্ট ও ৮০ শেয়ার রয়েছে।

একই দাবিতে ‘Oky Bye’ ও ‘message’ নামের পেজসহ এক্স , থ্রেডস, ইনস্টাগ্রামটিকটকেও আলোচিত দাবিতে পোস্ট রয়েছে। শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে প্রথমেই ভাইরাল স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করা হয়। ছড়িয়ে পড়া ওই স্ক্রিনশটে দেখা যায়, হালান্ড আর্জেন্টিনার জার্সিতে চুমু দিচ্ছেন এবং ছবির ওপর ইংরেজিতে লেখা, ‘ফুটবলকে বাঁচানোর জন্য ধন্যবাদ, মেসি।’

পরে স্ক্রিনশটে থাকা ‘erling.haaland’ নামের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটির অনুসন্ধান করা হয়। তবে অনুসন্ধানে অ্যাকাউন্টটি পাওয়া না গেলেও, ‘Erling Haaland’ নামে ৮ মিলিয়নের বেশি ফলোয়ারের আর্লিং হালান্ডের ভেরিফায়েড অ্যাকাউন্ট পাওয়া যায়। অ্যাকাউন্টটি পর্যালোচনা করে হালান্ডের সাম্প্রতিক সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও পাওয়া গেলেও, আলোচিত ছবিটির মতো কোনো ছবির খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার, প্রোফাইল নেম ও ইউজার নেমের সঙ্গে ভাইরাল হওয়া স্ক্রিনশটের অ্যাকাউন্টের স্পষ্ট অমিল রয়েছে। হালান্ডের অন্যান্য অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ( ,, ) কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও এমন কোনো ছবি বা বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

কমপেরিজন। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ছড়িয়ে পড়া সবকটি স্ক্রিনশটেই একই সময় ((টাইমস্ট্যাম্প) দেখা যায়, যা সন্দেহ তৈরি করে। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’-এর সাহায্য নেওয়া হয়। বিশ্লেষণে দেখা যায়, ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৬ শতাংশ।

এআই বিশ্লেষণ। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার জার্সি পরে ও মেসিকে ধন্যবাদ জানিয়ে নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ডের ছবি পোস্ট করার দাবিটি বানোয়াট।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com