হোম > ফ্যাক্টচেক > বিদেশ

হাসপাতালে ইমরান খান চিকিৎসাধীন দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি

ফ্যাক্টচেক ডেস্ক

ইসলামাবাদে ইমরান খান চিকিৎসাধীন দাবিতে ছড়ানো ছবি। ছবি: স্ক্রিনশট

সম্প্রতি পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবার তাঁর শারীরিক অবস্থা ও কারাগারে চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ইসলামাবাদের একটি হাসপাতালে ইমরান খানের সম্প্রতি চিকিৎসাধীন থাকার একটি দৃশ্য।

Anwar Viwes’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১১ আগস্ট একটি ছবি শেয়ার করা হয়। পোস্টের ক্যাপশনে উর্দু ভাষায় বলা হয়, ‘PIMS হাসপাতালে ইমরান খানের সাম্প্রতিক ছবি। তাঁর চেহারা দেখে মনে হচ্ছে, তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে’।

একই দাবিতে ‘ ‏زہـــرہ لیــاق ’ নামের এক্স অ্যকাউন্টেও একটি পোস্ট করা হয়। ছড়িয়ে পড়া ওই পোস্টে আজ ১৮ আগস্ট বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ৪ হাজার ৩০০ রিয়েকশন, ৫২৫ কমেন্ট ও ১ হাজার শেয়ার রয়েছে।

আজকর পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ছবিতে দেখা যায়, হাসপাতালের একটি বিছানায় ইমরান খান শুয়ে আছেন এবং তাঁর পাশে একজন চিকিৎসকসহ আরও কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।

দাবিটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধান করা হলে পাকিস্তান বা আন্তর্জাতিক কোনো মূলধারার গণমাধ্যমে ইমরান খানের এমন হাসপাতালে ভর্তির খবরের সত্যতা মেলেনি। তবে অনুসন্ধানে জানা যায়, গত ৬ আগস্ট সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলাইমান ঈসা খান বাবার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘ সাত মাস ধরে ইমরান খানকে তাঁর পরিবার, চিকিৎসক বা আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

সিএনএন-এর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

ইমরান খানকে হাসপাতালে নেওয়ার বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গত ১৫ জুন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস (পিআইএমএস) কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তিনি নির্ধারিত চোখের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন এবং পরীক্ষা শেষে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল পাওয়া যায়। তবে ওই সময়েও হাসপাতাল কর্তৃপক্ষ ইমরান খানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি।

প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, হাসপাতালের বিছানায় থাকা ইমরান খানের মাথার পেছনে একটি টয়লেট রোল ডিসপেনসার দেখা যায়, যা সন্দেহ তৈরি করে। এ ছাড়া গুগল ম্যাপে থাকা পিআইএমএস হাসপাতালের কক্ষের ছবির সঙ্গে ভাইরাল ছবির কক্ষের মিল নেই।

অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী টুল দিয়ে ছবিটি পরীক্ষা করা হয়। OpenAI-এর ভেরিফিকেশন টুল বিশ্লেষণে ছবিটির মধ্যে SynthID watermark পাওয়া যায়, যা এআই দিয়ে তৈরি ছবির মধ্যে থাকা একটি ডিজিটাল সংকেত। পাশাপাশি এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশনের বিশ্লেষণেও ছবিটিকে এআই-নির্মিত হিসেবে শনাক্ত করে।

এআই বিশ্লেষণ। ছবি: স্ক্রিনশট

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে কারাবন্দি থাকা সাবেক এই প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হলেও তাঁরা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সিদ্ধান্ত

ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন ইমরান খানের দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি বাস্তব নয়; এটি এআই দিয়ে তৈরি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com