হোম > ফ্যাক্টচেক > বিদেশ

জাপানি যুবক টোকোর কুকুর হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি এআই-নির্মিত

ফ্যাক্টচেক ডেস্ক

কোটি টাকা খরচ করে জাপানি যুবকের কুকুর হওয়ার দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—কোটি টাকা খরচ করে মানুষের জীবন ছেড়ে কুকুর হলেন জাপানি যুবক।

ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ভিডিওর ব্যক্তিটিকে জাপানের টোকো হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে, প্রাণী হিসেবে জীবনযাপনের ইচ্ছে থেকে তিনি কোটি টাকা খরচ করে একটি কুকুরের পোশাক তৈরি করেছেন। আবার কেউ কেউ দাবি করছেন, প্লাস্টিক সার্জারির মাধ্যমে তিনি নিজেকে কুকুরে রূপান্তর করেছেন।

‘Daily Desher Potro’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ আগস্ট আলোচিত দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা ওই ভিডিওটি ১৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রায় ১৯ লাখের বেশি দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ২৩ হাজার রিয়েকশন, ৫০২ কমেন্ট ও ৬০৫ শেয়ার রয়েছে।

ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যাবহারকারী ভিডিওটিকে সত্য মনে করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভিডিওটি পর্যবেক্ষণ করে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। যেমন, একটি দৃশ্যে মানুষসদৃশ কুকুরটির কান দেখা গেলেও পরবর্তী দৃশ্যে সেটি অদৃশ্য হয়ে যায়। এ ছাড়া ভিডিওতে একটি বিকৃত ও অস্পষ্ট হাতের মতো বস্তুর নড়াচড়াও দেখা যায়। এ ধরনের অসঙ্গতি মূলত এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায়।

পরে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা যাচাই করতে একাধিক এআই কনটেন্ট শনাক্তকারী টুলের সহায়তা নেওয়া হয়। এসব টুলের বিশ্লেষণে দেখা যায়, প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি।

এআই বিশ্লেষণ। ছবি: স্ক্রিনশট

তবে অনুসন্ধানে জানা যায়, টোকো নামের এক জাপানি নাগরিকের অস্তিত্ব সত্যিই রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য মিরর’-এ ‘Man who became a dog for £12,480 worries his friends will think he’s ’weird’’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, টোকো কুকুরের মতো জীবনযাপনের ইচ্ছা পূরণ করতে ২০২২ সালে একটি বিশেষভাবে তৈরি কলি কুকুরের পোশাক কিনে আলোচনায় আসেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, টোকো প্রায় ২ মিলিয়ন ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা খরচ করে মানুষের আকারের একটি ‘কলি’ জাতের কুকুরের পোশাক বানান। তিনি ওই পোশাক পরে কুকুরের মতো হাঁটাচলা ও আচরণ করার নানা ভিডিও নিজের ব্যক্তিগত ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট এবং ‘I want to be an animal’ নামের ইউটিউব চ্যানেলে শেয়ার করেন।

২০২৬ সালের এপ্রিলের এক এক্স পোস্টে তিনি জানান, ওই পোশাকটি অর্ডার করার চার বছর পূর্ণ হয়েছে।

টোকোর এক্স পোস্ট। ছবি: স্ক্রিনশট

‘Japanese man lives dog’s life in long-haired collie suit – in pictures’ শিরোনামে প্রকাশিত দ্য গার্ডিয়ানেরও একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, পোশাকটি তৈরি করেছে জাপানের প্রতিষ্ঠান Zeppet, যারা মূলত বিভিন্ন সিনেমার জন্য পোশাক ও মডেল তৈরি করে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ৪ কেজি ওজনের ওই পোশাকটি তৈরি করতে প্রায় ৪০ দিন সময় লাগে।

টোকো জানান, ছোটবেলা থেকেই তাঁর প্রাণীর মতো জীবনযাপন করার ইচ্ছা ছিল। এখন পোশাকটি পরলেই মনে হয়, তাঁর সেই স্বপ্ন সত্যি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ব্যক্তিগত গোপনীয়তা ও মানুষের ভিড় এড়াতে তিনি সাধারণত খুব বেশি বাইরে যান না। তবে বাইরে গেলে অনেকেই তাঁকে দেখে ছবি তোলে ও আদর করে।

গনমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া অনুসন্ধানে দেখা যায়, পোশাকটি তৈরি করা প্রতিষ্ঠান Zeppet ২০২২ সালের ১১ এপ্রিল নিজেদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে পোশাকটির বেশকিছু ছবি শেয়ার করেন।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘কুকুরের আকৃতির পোশাকটির দাম কোটি টাকা’—এমন দাবিটিও সঠিক নয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে পোশাকটির দাম ১০ হাজার ২৫০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১৭ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

কম্পেরিজন: আজকের পত্রিকা

সিদ্ধান্ত

জাপানি যুবক টোকো কোটি টাকা খরচ করে কুকুরে পরিণত হয়েছেন বা প্লাস্টিক সার্জারির মাধ্যমে কুকুরের রূপ নিয়েছেন—এমন দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। মূলত, টোকো বাস্তব ব্যক্তি হলেও তিনি বিশেষভাবে তৈরি কুকুরের পোশাক পরেই কুকুরের মতো জীবনযাপনের অভিজ্ঞতা প্রকাশ করেন। অর্থ্যাৎ, আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে টোকোর কোনো সম্পর্ক নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com