হোম > ফ্যাক্টচেক > বিদেশ

নরেন্দ্র মোদির কণ্ঠে চার দেশের সামরিক সুরক্ষায় শেখ হাসিনার ফেরার বার্তাটি এআই নির্মিত

ফ্যাক্টচেক ডেস্ক

ভারত, আমেরিকা, রাশিয়া ও যুক্তরাজ্যের যৌথ সামরিক প্রটোকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিতে ভাইরাল কয়েকটি পোস্ট রয়েছে এখানে , এখানেএবং এখানে।

ফেসবুকের বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে ছড়ানো এই ভিডিওগুলোর ক্যাপশনও একই। এতে লেখা হয়েছে, ‘জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ইনশাআল্লাহ ফিরতেছেন। ইন্ডিয়ান আর্মি, আমেরিকান আর্মি, রাশিয়ান আর্মি, ব্রিটিশ আর্মি ওনাকে সম্পূর্ণ প্রটোকল দিয়ে বাংলার জমিনে ফিরিয়ে আনবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে হাজার হাজার রিয়েকশন ও শেয়ার দেখা যায়। এ ছাড়া কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী এই দাবিটিকে সত্য বলে বিশ্বাস করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবির সঙ্গে একটি বক্তব্যের অডিও যুক্ত করা হয়েছে। ভিডিওর ডান পাশে ওপরে ‘এবিপি বাংলা’ লোগো দেখা যায়।

অডিওতে নরেন্দ্র মোদির কণ্ঠের আদলে হিন্দিতে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মে জরুর আয়েঙ্গি। ইন্ডিয়ান আর্মি, আমেরিকান আর্মি, ব্রিটিশ আর্মি অর রাশিয়ান আর্মি কি সিকিউরিটি টিম ডিসেম্বর মে বাংলাদেশ ওয়াপস আয়েগি। ম্যায় আপকো, বাংলাদেশ কে লোগো কো ভরোসা দিলাতা হুঁ, অর চেতাবনি দেতা হুঁ কি আগার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াপস আতি হ্যায়, তো কিসি ভি তারাহ কি মিলিটারি অ্যাক্টিভিটি না ক্যারে।’ (যার বাংলা অর্থ দাঁড়ায়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবেন। ভারতীয় সেনাবাহিনী, আমেরিকান সেনাবাহিনী, ব্রিটিশ সেনাবাহিনী এবং রুশ সেনাবাহিনীর নিরাপত্তা দল ডিসেম্বরে বাংলাদেশে যাবে। আমি আপনাদের, বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছি এবং সতর্ক করে দিচ্ছি যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ফিরে আসেন, তাহলে কেউ যেন কোনো ধরনের সামরিক তৎপরতা না চালায়।)

ভিডিওটিতে ব্যবহৃত নরেন্দ্র মোদির ছবিটি নিয়ে অনুসন্ধানে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম ‘এবিপি বাংলা’-র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘নরেন্দ্র মোদির কত টাকা, গয়না রয়েছে? প্রধানমন্ত্রীর সম্পত্তির খতিয়ান এল সামনে’ শিরোনামের ওই প্রতিবেদনে ব্যবহৃত স্থিরচিত্রের সঙ্গে আলোচিত ভিডিওর ছবির হুবহু মিল রয়েছে।

এবিপি বাংলায় প্রকাশিত প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

ওই প্রতিবেদনটিতে মূলত নরেন্দ্র মোদির জমা দেওয়া ব্যক্তিগত সম্পত্তির বিবরণী তুলে ধরা হয়। সেখানে তাঁর নগদ অর্থ, ব্যাংক হিসাব, সোনা ও অন্যান্য অস্থাবর সম্পদের বিবরণ থাকলেও গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা বা কোনো সামরিক প্রটোকল দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অনুসন্ধানে ভিডিওতে নরেন্দ্র মোদির নামে যে বক্তব্য প্রচার করা হয়েছে, মূলধারার কোনো গণমাধ্যমে সে সম্পর্কিত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা যাচাই করতে ‘Resemble AI’ নামের এআই কনটেন্ট শনাক্তকারী টুলের সাহায্য নেওয়া হয়। বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটিতে ব্যবহৃত অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করার সম্ভাবনা প্রায় ৯৬ শতাংশ।

এআই বিশ্লেষণ। ছবি: আজকের পত্রিকা

পাশাপাশি, আলোচিত দাবি-সংবলিত পোস্টগুলোর পেজ বা অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, এগুলোতে নিয়মিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রোপাগান্ডামূলক কনটেন্ট পোস্ট করা হয়।

সিদ্ধান্ত

চার দেশের সামরিক বাহিনীর সুরক্ষায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন—এমন দাবি সম্পূর্ণ বানোয়াট। বাস্তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পদ বিবরণী সম্পর্কিত একটি প্রতিবেদন ব্যবহৃত ছবির সঙ্গে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি অডিও জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজারবাইজানে প্রেসিডেন্টের ছবি সরাচ্ছে সেনাবাহিনী—ভিডিওটি এআই নির্মিত

দিল্লির বিক্ষোভ ঘিরে আবর্জনা ফেলার দাবিতে ছড়ানো ভিডিওটি পানিপথের

সারা দুনিয়ায় ২০২৬, কিন্তু ইথিওপিয়াতে কেন ২০১৯ সাল

রাহুল গান্ধীর সঙ্গে জয়ের সাক্ষাতের দাবিতে ছড়ানো ছবি এআই তৈরি

দিল্লিতে ইরানি প্রেসিডেন্টের ভিডিও ভাইরাল, তিনি কি হিন্দু গুরুর পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত দাবিতে এআই নির্মিত ও পুরোনো ভিডিও প্রচার

ঝুলন্ত পাথরের ভাস্কর্যকে অলৌকিক ঘটনা বলে প্রচার

ভারতের ভিডিও ছড়ানো হলো নেপালের শিশু উদ্ধারের দাবিতে

নেপালে ভয়াবহ বন্যার ‘আগে-পরের দৃশ্য’ বলে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি

‘শেখ হাসিনা আমার মাতৃতুল্য...’—রাহুল গান্ধীর নামে ছড়ানো উক্তিটি ভুয়া