রাজধানীতে বেশি দামে পেট্রল বিক্রি করায় সাধারণ মানুষ একটি পেট্রলপাম্পে আগুন দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল থেকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে ঘটনাটি সাম্প্রতিক সময়ের বলে দাবি করা হচ্ছে।
এই দাবিতে ফেসবুকে পোস্ট পাওয়া গেছে এখানে, এখানে , এখানে, এখানে এবং এখানে।
সৈয়দ সিফাত নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল একই ভিডিও শেয়ার করে ক্যাপশনে দাবি করা হয়, ‘রাজধানীতে একটি পাম্পে বেশি দামে পেট্রল বিক্রি করায় পাম্পে আ"গুন দিলো সাধারণ জনগণ। একটা দেশে নূন্যতম ৪ মাসের রিজার্ভ থাকে। ৪ দিনে জ্বালানী শেষ হলো কিভাবে? পেট্রল পাম্পে তেল নায় কেন? হরমুজ প্রনালী বন্ধ হলো কইদিন বলেন? জনগন থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে সরকার। কোন প্রতিবাদ আছে? সামনে জ্বালানী তেলের তীব্র সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এর সরাসরি প্রভাব পড়বে দেশের সাধারন মানুষের উপর। নিত্য পণ্য সহ সবকিছুর মূল্য বাড়বে, জনগণের নাভিশ্বাস উঠে যাবে। দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাবে একজন শেখ হাসিনা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কতটা উপকারী ছিলেন।’ (লেখা ও বানান অপরিবর্তিত)
Natore Live নামের একটি পেজ থেকে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়। ৫ মার্চ বেলা ১১টা ২৫ মিনিটে প্রকাশিত ওই ভিডিওটি রোববার (৮ মার্চ) বেলা ১টা ১৬ মিনিট পর্যন্ত প্রায় ৩১ হাজারবার দেখা হয়েছে। ভিডিওটিতে ১০৯টি শেয়ার, প্রায় ৬১টি কমেন্ট এবং ৮৬৯টি রিঅ্যাকশন রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলায় ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি পুঁজিবাজারেও চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আলোচিত ভিডিওটি নেটিজনদের কাছে সহজেই বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। অনেকেই ভিডিওটিকে সাম্প্রতিক ঘটনা মনে করে নিজেদের মতামত জানিয়েছেন।
আজকের পত্রিকার অনুসন্ধান
ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, একটি বড় ভবনের নিচে আগুন জ্বলছে এবং গাছের ফাঁক দিয়ে আগুনের শিখা দেখা যাচ্ছে। কিছু দূরে ফায়ার সার্ভিসের সদস্য ও সাধারণ মানুষ অবস্থান করছেন। ভিডিওটি সম্ভবত একটি ফ্লাইওভারের নিচ থেকে ধারণ করা হয়েছে।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে theabnews নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত বছরের ১৭ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে।
এ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ‘মহাখালীতে ফিলিং স্টেশনের আগুনের তাপ অনুভূত হয় আশপাশের আবাসিক ভবনেও’ শিরোনামে ২০২৫ সালের ১৭ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। সেটির সঙ্গেও ভাইরাল ভিডিওটির মিল রয়েছে।
আরও অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ‘মহাখালীতে পেট্রলপাম্পে অগ্নিকাণ্ড’ শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। গত বছরের ১৭ আগস্ট রাত ১০টা ২২ মিনিটে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের পাশে ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগে। সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিদ্ধান্ত
বেশি দামে পেট্রল বিক্রির প্রতিবাদে পাম্পে আগুন দেওয়ার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি ২০২৫ সালের আগস্টে মহাখালীতে একটি পেট্রলপাম্পে আগ্নিকাণ্ডের ঘটনা।