হোম > ছাপা সংস্করণ

এবার শুধু চট্টগ্রামে অর্ধেক ভাড়ার চিন্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১ ডিসেম্বর থেকে ঢাকায় বেসরকারি বাসে অর্ধেক ভাড়া চালু করেছেন মালিকেরা। রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির বাসেও এই সুবিধা দিচ্ছে সরকার। কিন্তু শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। তারা চায় সারা দেশে অর্ধেক ভাড়া। তবে বাস মালিক সমিতির নেতারা সারা দেশে নয়, আপাতত চট্টগ্রাম মহানগরীতে বেসরকারি বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার কথা ভাবছেন। আগামীকাল রোববার এ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এদিকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে আমরা বৈঠক করেছি। বৈঠকে সবাই শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। তবে কবে থেকে এই ভাড়া কার্যকর হবে, সেটি এখনো ঠিক হয়নি। এ বিষয়ে আগামী রোববার সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

গত বৃহস্পতিবার রাতে নগরীর বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে বৈঠকে বসেন পরিবহন মালিকেরা। বৈঠকে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতি, জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও আন্তজেলা পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বেলায়েত হোসেন বলেন, ‘বৈঠকে ট্যাক্স বাড়িয়ে দেওয়া নিয়েও আলোচনা হয়েছে। করোনাকালে গাড়ি বন্ধ রাখায় বাসমালিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর পরও আমরা ইনকাম ট্যাক্স দিয়েছি। বাসমালিকদের ট্যাক্স দ্বিগুণ করা হয়েছে। এই বাড়তি ট্যাক্স কমিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাব।’

এ বিষয়ে বাংলাদেশ সড়ক

পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রামে বেসরকারি বাসে অর্ধেক ভাড়া নেওয়ার চেষ্টা করছি। বাসমালিকদের সঙ্গে আলোচনা চলছে। শিগগির এ ব্যাপারে জানানো হবে। বর্তমানে চট্টগ্রামে ও ঢাকায় সিটি সার্ভিস চলে; কিন্তু সারা দেশে সিটি সার্ভিস চলে না। তাই সারা দেশে অর্ধেক ভাড়া চালুর সুযোগ নেই।’

তবে পরিবহন মালিকদের এই সিদ্ধান্তে তেমন একটা খুশি হয়নি চট্টগ্রামের শিক্ষার্থীরা। এ বিষয়ে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের সভাপতি মাইমুন উদ্দিন মামুন বলেন, ‘আমরা ২০১৩ সাল থেকে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করে আসছি। বাসমালিকেরা আগেও এভাবে হাফ ভাড়া নেবে আমাদের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা সেটি কার্যকর করেননি। তাই আমরা আশ্বাস চাই না। আমরা হাফ ভাড়া কার্যকর চাই।’

সড়কে শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের জন্য ১১ দফা দাবিতে গতকাল রাজধানীর সড়কে নেমেছিল শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টার দিকে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেয়। তাদের এই অবস্থানের কারণে ছুটির দিনেও সড়কে কিছুটা যানজট দেখা দেয়। দুপুর ১২টার কিছু আগে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যায়।

এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সড়কের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে আজ শনিবার দুপুর ১২টায় রামপুরা ব্রিজে সবাইকে উপস্থিত হতে বলা হয়েছে। তারপর এক ঘণ্টা শান্তিপূর্ণভাবে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড ও কার্টুন প্রদর্শন কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে কথা মাথায় রেখে এই কর্মসূচি ঘোষণা করেছে তারা।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস