হোম > ছাপা সংস্করণ

সমর্থকের চেষ্টায় বদলে যাচ্ছে একটি জাতীয় দল

হাসনাত শোয়েব, ঢাকা

এল সালভাদর জাতীয় দলের একজন হতাশ সমর্থক হিসেবে এক দশকের বেশি সময় আগে যাত্রাটা শুরু করেছিলেন হুগো আলভারাদো। শুরুতে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে সেসব খেলোয়াড়দের সম্পর্কে খোঁজখবর নিতেন, যাঁরা জাতীয় দলের উন্নতি করতে পারবেন। নিছকই অতি উৎসাহী একজন সমর্থক হিসেবে এই কাজ শুরু করেন তিনি।

গত ১০ বছরে ক্যালিফোর্নিয়ার বাসায় বসে কম্পিউটার ঘেঁটে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক ডজন সালভারোদিয়ান খেলোয়াড় খুঁজে বের করেন আলভারাদো। তবে খেলোয়াড় খোঁজার সময় অভিনব একটি পদ্ধতি অবলম্বন করেন তিনি। প্রধানত যে টার্মটি তিনি ব্যবহার করেন সেটি ছিল, ‘ফুটবলার সালভাদোরিয়ান মাদার’। অর্থাৎ এমন ফুটবলার, যাঁদের মা সালভাদোরিয়ার। আরও কিছু সূত্র ব্যবহার করে ফুটবলার চিহ্নিত করেন তিনি। যেমন—যাঁদের নাম শুনতে সালভাদোরিয়ান মনে হয় কিংবা তাঁদের চেহারা দেখলে সালভাদোরিয়ান মনে হয়। এরপর তিনি একে একে সবাইকে চিহ্নিত করেন। সেই ফুটবলারদের মধ্যে যাঁরা সালভাদোরের হয়ে খেলতে আগ্রহী ছিলেন, তাঁদের নামগুলো আলভারাদোর ওয়েবসাইটে যোগ করেন।

এসব কাজ যখন আলভারাদো করছিলেন, তখন এল সালভাদোর ফুটবল ফেডারেশনের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। জাতীয় দলের জন্য খেলোয়াড় রিক্রুট করার কোনো এখতিয়ারও তাঁর ছিল না। তিনি নেহাত একজন সাধারণ সমর্থক, যিনি নিজ দেশের জাতীয় দলকে আরও ভালো জায়গায় দেখতে চান।

কদিন আগে এক সাক্ষাৎকারে আলভারাদো বলেন, ‘আমি আরও লড়াকু জাতীয় দল দেখতে চেয়েছিলাম। তাই আমি যা করতে পারতাম, তাই করছি।’ আলভারাদোর প্রচেষ্টাতেই এখন পুরোপুরি বদলে গেছে সালভাদোর জাতীয় দল। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ফাইনাল রাউন্ডে যে দলটি খেলছে তাদের খেলোয়াড়, অধিনায়ক, কোচ সবই নতুন। যার পেছনে মূল ক্রীড়নক এই আলভারাদো।

লম্বা সময় ধরে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও অতীতে পরিস্থিতি ভিন্ন ছিল। ১৯৭০ সালে মধ্য আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে সালভাদোর। তারা দ্বিতীয়বার বিশ্বকাপ খেলার সুযোগ পায় ১৯৮২ সালে।

ভাগ্য বদলের আশায় এল সালভাদোর ফেডারেশন প্রথমবারের মতো ডিয়েগো হেনরিক্সকে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়। এরপর তিনি নিয়ে আসেন আলভারাদোকে। গত বছর হেনরিক্স যুক্তরাষ্ট্রের সাবেক খেলোয়াড় এবং কোচ হুগো পেরেজকে কোচ হিসেবে নিয়ে আসেন।

শুরুতে তাঁদের উদ্দেশ্য ছিল যেখান থেকে পারা যায় ভালো খেলোয়াড় খুঁজে এনে এল যুবদলকে সমৃদ্ধ করা। এ সময় ইন্ডিয়ানা থেকে সালভাদোরিয়ান বাবার ছেলে, নিউইয়র্ক রেড বুল থেকে সালভাদোরিয়ান মায়ের ছেলে এবং নেদারল্যান্ডসের এক তরুণ যার কিনা চারটি দেশের হয়ে খেলার সুযোগ আছে এমন খেলোয়াড় বের করে আনেন। হেনরিক্স বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। আমরা মাত্র শুরু করলাম।’

আলভারাদো হচ্ছেন সালভাদোরিয়ার ইতিহাসে প্রথম পূর্ণ-মেয়াদে নিয়োগ পাওয়া স্কাউট। একজন সাধারণ দর্শক থেকে তিনি হয়ে ওঠেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। দলে যোগ দিয়ে একাধিক সম্ভাবনাময় খেলোয়াড়কে নিয়ে এসেছেন আলভারাদো। যাঁদের কয়েক বছর ধরে নজরে রেখেছিলেন তিনি। এখন তাঁদের লক্ষ্য একটি, এল সালভাদোরের ফুটবলে সোনালি দিন ফিরিয়ে আনা।