রাজশাহীতে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় হামিম হোসেন নিলয় (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় তাঁর বাড়ি। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলয় ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন। এতে সাড়া না পেয়ে গত রোববার রাস্তা থেকে ওই ছাত্রীকে অপহরণ করেন তিনি। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেন।
এরপর আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ গত মঙ্গলবার রাতে জেলার তানোর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। তখন গ্রেপ্তার করা হয় নিলয়কেও। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।