একদিন এক ব্যাংক ম্যানেজার একটি রেস্তোরাঁয় খেতে গেলেন। ম্যানেজার এ রেস্তোরাঁয় মাঝেমধ্যেই খেতে আসেন। ওয়েটারের সঙ্গে তাঁর পরিচয় আছে। আজ একটু দেরি করে দুপুরের খাবার খেতে এসেছেন। রেস্তোরাঁর কোনার বেসিনে হাত ধুলেন। খাবার টেবিলে গিয়ে বসলেন। হাত ইশারায় ডাকলেন সেই পরিচিত ওয়েটারকে।
কাছে এলে তিনি ওয়েটারকে জিজ্ঞাসা করলেন: আজ কী কী খাবার আছে তোমাদের এখানে?
ওয়েটার: ফ্রাইড রাইস, সাদা ভাত, মাছ, মাংস, সবজি, ডাল, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, পোলাও, পরোটা, ভাজি, নান, দোসা, শৰ্মা, দই।
ওয়েটার গড়গড় করে মুখস্থ সব নাম একে একে বলে গেল।
এত খাবারের নাম শুনে বেশ খুশি হলেন ব্যাংক ম্যানেজার। কী খাওয়া যায়, একটু ভাবলেন। তারপর খোশ মেজাজে ওয়েটারকে বললেন: বাহ, খুব ভালো! ঠিক আছে। তুমি তাহলে সাদা ভাত, মাছ, সবজি আর ডাল নিয়ে এসো।
ওয়েটার: সরি স্যার, ওসব তো নেই। শেষ হয়ে গেছে।
ব্যাংকার তাকালেন ওয়েটারের দিকে। একটু ভেবে বললেন: তাহলে এক প্লেট কাচ্চি বিরিয়ানি দাও।
ওয়েটার: কাচ্চি বিরিয়ানিও নেই স্যার।
ব্যাংকার: তাই নাকি! কী আর করা! তাহলে পরোটা আর ভাজিই দাও।
ওয়েটার: ওগুলোও দিতে পারব না, স্যার।
ব্যাংকার: তাহলে পারবেটা কী?
ওয়েটার: কিছুই দিতে পারব না, স্যার। সব বিক্রি হয়ে গেছে। কোনো খাবারই নেই এখন।
ওয়েটারের কথা শুনে বিরক্ত হয়ে ব্যাংক ম্যানেজার বললেন: তাহলে অত লম্বা মেনু শোনানোর কী দরকার ছিল?
ওয়েটার: স্যার, আমি মাঝেমধ্যে আপনাদের ব্যাংকের এটিএম বুথে যাই। পিন নম্বর, অ্যাকাউন্ট নম্বর, ওঠানোর জন্য টাকার পরিমাণ, মুদ্রিত রসিদ প্রয়োজন কি না ইত্যাদি জিজ্ঞাসা করার পর অবশেষে মেশিনটি বলে, ‘নো ক্যাশ’।
এ রকম ঘটলে কেমন লাগে, নিশ্চয় এবার আপনিও বুঝতে পারলেন, স্যার!
খ. আমেরিকায় পাঁচ হাজার বছর আগের ভূস্তরে একটা টেলিফোনের তার পাওয়া গেল। ভারতীয় বিজ্ঞানীরা বললেন, এতে আশ্চর্যের কী আছে, আমাদের দেশে চলো। আমেরিকার বিজ্ঞানীরা ভারতে গেলেন। শুরু হলো খোঁড়াখুঁড়ি। কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। অনেক খোঁড়াখুঁড়ির পর প্রায় দশ হাজার বছর আগের ভূত্বক পর্যন্ত গিয়েও কিছু পাওয়া গেল না। আমেরিকান বিজ্ঞানীরা হাসাহাসি করতে লাগলেন।
-কী হলো ভারতীয় বিজ্ঞানীরা? তোমাদের দেশে টেলিফোনের তার পেতে হলে খোঁড়ার দরকার হবে না, মাটির ওপরই পাওয়া যাবে।
চূড়ান্ত অপমান। এ অবস্থায় একটি উপায় বের করার জন্য ডাকা হলো সবচেয়ে প্রবীণ ভারতীয় বিজ্ঞানী ড. পট্টনায়ককে। তিনি সব শুনে আমেরিকান বিজ্ঞানীদের সামনে গিয়ে বললেন, ‘কী ব্যাপার, আপনারা টেলিফোনের তার খুঁজছেন মাটি খুঁড়ে?’
‘হ্যাঁ, তাই তো খোঁজার কথা।’ বললেন একজন আমেরিকান বিজ্ঞানী।
ভারতীয় বিজ্ঞানী ড. পট্টনায়ক বললেন, ‘এ জন্যই বলে, আমেরিকানদের মাথা মোটা। আরে সাহেব, আমাদের দেশে দশ হাজার বছর আগেই লোকেরা মোবাইল ফোন ব্যবহার করত। তাই খোঁড়াখুঁড়ি করে তার পাবেন কোথায়!’
গ. একদিন একটি বিমান দুর্ঘটনাকবলিত হয়ে এক নিভৃত গ্রামে আছড়ে পড়ল। ওই গ্রামবাসী বিমানের সব যাত্রীকে মৃত ভেবে কবর দিয়ে দিল। ওই বিমানে এক দেশের একজন মন্ত্রীও ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে শহর থেকে সাংবাদিকদের একটি দল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলো।
গ্রামের যাঁরা বিমানযাত্রীদের কবরের ব্যবস্থা করেছেন, তাঁদের একজনকে সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন, ‘সব যাত্রীই যে মারা গিয়েছেন, এটা কি আপনারা নিশ্চিত?’
গ্রামবাসীদের একজন জবাব দিলেন, ‘কবর দেওয়ার সময় একজন অবশ্য বলছিলেন যে তিনি একটি দেশের মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতা। কিন্তু তিনি রাজনীতিবিদ পরিচয় দেওয়ায় আমরা তাঁর কথা বিশ্বাস করিনি। কবর দিয়েছি।’