একটা সময় ছিল যখন আমরা জানতাম সমাজে তিন শ্রেণির মানুষ আছে। প্রথম শ্রেণি উচ্চবিত্ত। দ্বিতীয় শ্রেণি মধ্যবিত্ত। তৃতীয় শ্রেণি নিম্নবিত্ত। অনেকেই আবার বলেন মধ্যবিত্তের দুটি ভাগ ছিল, উচ্চ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত।
সমাজের এই তিন শ্রেণির মানুষের মধ্যে উচ্চবিত্তরা সবচেয়ে বেশি সম্মানিত। তাদের যেন কোনো কিছুরই অভাব নেই। এই যেমন বাড়ি, গাড়ি, খাবার, পোশাক ইত্যাদি। অর্থাৎ তারা জীবনধারণের জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা মিটিয়ে বিলাসবহুল জীবনযাপন করতে পারছে। তারই একটি উদাহরণ হিসেবে বলা যায়, ২৪ ক্যারেট সোনার ভরি যখন ৮৪ হাজার টাকা, তখন মানুষ ১ লাখ টাকা সোনার আইসক্রিম খেতে ব্যয় করে। আরও মজার বিষয় হচ্ছে, সেই আইসক্রিম খেতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষাও করতে হয়। বলা বাহুল্য, উচ্চবিত্তের টাকা যেন রাখার জায়গা নেই।
এবার বলি তৃতীয় শ্রেণির কথা। এদের জীবন নিয়ে তেমন কোনো চিন্তা নেই। কখনো ছিলও না। এরা দিন আনে দিন খাওয়া মানুষ। যেদিন যেমন পায় তেমনভাবেই চলে যায়। এরা মূলত বিশ্বাস করে সৃষ্টিকর্তায়, দিন তিনিই পার করবেন। সমাজের কাছে এদের বিশেষ কোনো চাহিদা নেই। এরা জানে, চাহিদা থাকলেও তা পূরণের সাধ্য তাদের নেই। তাই ‘সাধ্যের মধ্যেই সবটুকু সুখ’ প্রবাদে তারা বিশ্বাসী।
এবার আসি মধ্যবিত্তের কথায়। এরা যেন সমাজের সবচেয়ে অসহায় প্রাণী। এরা বিশ্বাস করে ‘যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ’। অর্থাৎ তারা যত দিন বাঁচবে, আশা নিয়েই বাঁচবে। তারা সাধ্যের বাইরে গিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে। এই মধ্যবিত্ত শ্রেণির মানুষকে দেখে আপনি কখনো বুঝতেও পারবেন না যে তাদের জীবনে কোনো কিছুর অভাব আছে। তবে মজার বিষয়, তারা জীবনে একবার হলেও সবকিছুর স্বাদ গ্রহণ করতে পারে। তারা হেঁটে গন্তব্যে পৌঁছাতে যেমন পারে, ইচ্ছার বশে উড়োজাহাজেও পাড়ি জমাতে পারে। এতেই বুঝি মধ্যবিত্তের সফলতা। আরও মজার বিষয় হলো, এরা মুখে বলে আমরা কোনো কিছুর পরোয়া করি না। আসলে এরা সমাজের কোনো কিছুই অগ্রাহ্য করতে পারে না। কোনো কাজ করার আগে এরা এক শ বার ভাবে লোকে কী বলবে, কাজটা কি আদৌ করতে পারবে নাকি টাকা আর সময় নষ্ট হবে ইত্যাদি ইত্যাদি। এরা একই সঙ্গে খুব বেশি আবেগময় আর বাস্তববাদী। এদের জীবন বেশ ভালোই চলছিল এভাবে।
কিন্তু আর বেশি দিন হয়তো চলবে না। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার দূরত্ব অনেক দূর বলে হেলায় গা ভাসিয়ে দিলেও এটা অস্বীকার করা যায় না বাংলাদেশে এখন আর মধ্যবিত্ত বলে কিছু নেই। তারা এখন নিম্নবিত্তের দলেই নাম লিখিয়েছে। এখন আর সংসার খরচ বাঁচিয়ে কেউ উড়োজাহাজে চড়ার স্বপ্ন দেখে না। বরং বেতনের টাকা দিয়ে কীভাবে সংসার চালাবে, সেটাই বোধ হয় তাদের বোধগম্য হয় না। দফায় দফায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কৃষিপ্রধান দেশে এখন সরু চালের কেজি ৮০ টাকা। এক হালি ডিম ৫৩ টাকা। ৬০ টাকার নিচে কোনো সবজিতেই হাত রাখা যায় না। তেলের কথা না হয় বাদ দেওয়া যাক। আর মাছ, মুরগি ও মাংসের দিকে মধ্যবিত্ত আর তাকায় না। সেগুলো এখন ঈদের খাবার। ‘উত্তরের সুর’ সিনেমায় দেখেছিলাম ঈদ এলে পোলাও মাংস খেতে হয়। মধ্যবিত্তের জন্য এখন এটিই প্রযোজ্য। তবে শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে সপ্তাহে একবার মাছ-মাংস খাওয়ার চিন্তা করতে হয় বৈকি।
তা ছাড়া রয়েছে সন্তানের লেখাপড়া, বৃদ্ধ মা-বাবার ওষুধ, যাতায়াত, গ্যাস, পানি, ওয়াই-ফাই—সবকিছুর জাঁতাকল যেন পিষছে মধ্যবিত্ত সমাজকে। তাই তো লোকে কী বলবে সেই পরোয়া না করে মধ্যবিত্তরাও এখন দাঁড়ায় টিসিবির লাইনে। সারা দিন দাঁড়ালেও যে টিসিবির পণ্য পাওয়া যাবেই—এটা কিন্তু কোথাও বলা হয়নি। আর আমাদের দেশে যা ঘোষণা করা হয় সেটাই যে অক্ষরে অক্ষরে পালন করা হবে, এটাও কোথাও বলা নেই। যদি হতো তাহলে মফস্বল আর প্রত্যন্ত গ্রামগুলোতে এক ঘণ্টা করে দিনে দুই ঘণ্টার জন্য লোডশেডিং হতো। ওই সব এলাকার মানুষের ভাষায় তাদের বাসায় নাকি বিদ্যুৎ মাঝে মাঝে মিসড কল দেয়!
এভাবেই চলছে ডিজিটাল দেশের মানুষের ডিজিটাল জীবন। উন্নয়নের জোয়ারে মধ্যবিত্ত দাঁড়িয়েছে টিসিবির লাইনে। আমাদের সমাজে আবার প্রচলিত আছে টিসিবির লাইনে দাঁড়ায় নিম্নবিত্তরা। তাই এখন আর মধ্যবিত্ত বলে কিছু নেই। আছে শুধু উচ্চবিত্ত আর নিম্নবিত্ত। সময়ের বিবর্তনে যদি ডাইনোসরের মতো বিশাল প্রাণী হারিয়ে যেতে পারে, তাহলে মধ্যবিত্ত আর এমন-কী!