হোম > ছাপা সংস্করণ

স্ত্রী কিছুই করে না

বিরস

সদ্য উচ্চশিক্ষা শেষ করে একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছেন এক তরুণ। ইন্টারভিউ বোর্ডের এক সদস্য চাকরিপ্রার্থীর কাগজপত্র দেখতে দেখতে জানতে চাইলেন, আপনি দেখছি বাংলায় অনার্স।

-জি স্যার। বাংলা আমার প্রিয় বিষয়।

-খুব ভালো। আমরা তো সবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করলাম। আপনি নিশ্চয়ই তাঁর ‘শেষের কবিতা’ পড়েছেন?

চাকরিপ্রার্থী তরুণ চটপট উত্তর দিলেন, ‘না স্যার। আমি কবির প্রথম দিকের লেখা কবিতাগুলো পড়েছি। বিভিন্ন কারণে আমাদের সিলেবাস শেষ না হওয়ায় শেষের কবিতাগুলো আর পড়া হয়ে ওঠেনি।’

ইন্টারভিউ বোর্ডের সদস্য আর কী করেন। মুচকি হেসে বললেন, ‘ও, বুঝেছি, আপনি কোভিড ব্যাচের ছাত্র।’

ইন্টারভিউ দিতে যাওয়া তরুণও হেসে হেসেই জবার দিলেন, ‘ঠিক ধরেছেন স্যার!’

খ. দুই ভদ্রলোক কথা বলছিলেন। নতুন পরিচয়। তাই একজন অপরজনের কাছে জানতে চাইলেন, ‘ভাই, আপনি কী করেন?’

দ্বিতীয়জন: আমি একটা ব্যাংকের ক্যাশ অফিসার।

-বাহ্! খুব ভালো। তা আপনার স্ত্রী কি কিছু করেন?

-সে কিছুই করে না। স্রেফ গৃহিণী।

-তাই নাকি? তা ভাই, সকালে আপনার পরিবারের জন্য নাশতা কে বানান?

-কেন, আমার স্ত্রী। কারণ সে তো চাকরি করে না।

-তা তো ঠিকই। আচ্ছা, এখন বলুন তো, তিনি ঘুম থেকে কখন ওঠেন?

-সে ভোর ৫টায় ওঠে। নাশতা বানানোর আগে তাকে ঘরদোর পরিষ্কার করতে হয়।

-বাচ্চাদের কে স্কুলে নিয়ে যায়?

-সে-ই নিয়ে যায়। কারণ, তার তো আর অন্য কোনো কাজ নেই।

-হা হা হা...বেশ বলেছেন। আচ্ছা এখন বলুন তো, বাচ্চাদের স্কুলে দিয়ে তিনি কোথায় যান? কী করেন?

-বাচ্চাদের স্কুলে দিয়ে সে বাজারে যায়, বাসায় ফিরে কাপড় কাচে, ঘর-মেঝে পরিষ্কার করে, রান্নাবান্না করে।

-বেশ। এবার বলুন, লাঞ্চের পর তিনি কী করেন?

-তেমন কিছু না। ধোয়া কাপড়চোপড় ঘরে এনে ইস্তিরি করে, ঘর-বিছানা গোছায়, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসে, খাওয়ায়, টিউটরের জন্য নাশতা রেডি করে—এই সব টুকিটাকি কাজ আরকি। এইটুকু না করলে তো শরীর ভারী হয়ে যাবে, অসুখ-বিসুখ বাসা বাঁধবে।

-খুবই খাঁটি কথা বলেছেন। আচ্ছা, বিকেল থেকে রাতে শোয়া পর্যন্ত তিনি আর কী কী করেন?

-তেমন কিছু না। এই ধরেন, বিকেলের নাশতা-চা বানায়, ঘর-আঙিনা ঝাঁট দেয়, রাতের জন্য রান্না করে, বাচ্চাদের পড়াতে বসায়, আত্মীয়-মেহমান এলে তাঁদের আপ্যায়ন করে, সবাইকে রাতের খাবার খাইয়ে নিজে কিছু খায়, এঁটো বাসন-কোসন মাজে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিজে ঘুমায়।

-বুঝলাম আপনার স্ত্রীকে তেমন কিছুই করতে হয় না। অনেক শান্তিতে আছেন তিনি। এবার আপনার রুটিনটা বলুন।

-আমার তো ভাই ম্যালা কাজ, ম্যালা ঝক্কি-ঝামেলা। সেই সকাল ৮টায় উঠি, তাড়াতাড়ি রেডি হয়ে নাশতা করেই অফিসের দিকে ছুটি।

-তারপর?

-সন্ধ্যার আগে আগে বাসায় ফিরি।

-বাসায় ফিরে কী করেন?

-সারা দিনের হাজারো কাজে খুব ক্লান্ত হয়ে যাই, তাই ঘণ্টা দুয়েক বিশ্রাম করি। বউ চা দেয়, চা খেতে খেতে টিভি দেখি, পেপার পড়ি।

-তারপর কী করেন?

-হালকা পোশাক পরে বাজারে বা ক্লাবে যাই। শারীরিক-মানসিক পরিশ্রমে একঘেয়ে লাগে।

-বাজারে বা ক্লাবে গিয়ে কী করেন?

-বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিই, তাস খেলি, চা-কফি, পান-বিড়ি খাই।

-বাসায় ফেরেন কয়টায়?

-এই ধরেন সাড়ে ১০টা-১১টা।

-তারপর?

-তারপর আর কী? খেয়েদেয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি।

-বাচ্চারা জেগে প্রস্রাব-পায়খানা করতে চাইলে কে ওঠেন? আপনি না ভাবি?

-আমার ক্লান্ত শরীর, ঘুম-বিশ্রামের খুব প্রয়োজন। গিন্নি তো কিছুই করে না, তাই সেই-ই ওঠে। হা হা হা...