হোম > ছাপা সংস্করণ

স্বর্গের স্বপ্ন দেখিয়ে নরক উপহার

বিরস

স্বর্গ-নরক আসলে কেমন তার সঠিক বিবরণ দেওয়া কঠিন। কারণ, ওই দুই স্থানে যাওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাঁদের হয়, তাঁরা আর ফিরে এসে প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা বর্ণনা করতে পারেন না। তাই শোনা কথাই আমাদের বিশ্বাস করতে হয়। তেমনই এক শোনা গল্প:

এক মন্ত্রী মৃত্যুর পর পরজগতে গেলেন। তিনি যখন স্বর্গে ঢুকবেন, তখন দেবতা তাঁকে বললেন, স্বর্গে কিছু সংস্কারকাজ চলছে; তুমি শুধু দুই দিন নরকে থেকে আসো, এরপর স্বর্গে ঢোকো।

মন্ত্রী রাজি হলেন।

নরকে শয়তান তাঁকে সাদর আমন্ত্রণ জানাল। এরপর সে তাঁকে নরক ঘুরে দেখাতে লাগল।

মন্ত্রী অবাক হয়ে দেখলেন যে নরক অনেক সুন্দর। খুবই আরামদায়ক সব ব্যবস্থা, থাকার জন্য সুন্দর সুন্দর প্রাসাদ।

খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা, সুইমিংপুল, গলফ মাঠ আরও অনেক কিছু। সুস্বাদু পানীয় ছাড়াও লোভনীয় খাবারের এলাহি আয়োজন। আর চোখ জুড়িয়ে যায় সুন্দরী অপ্সরীদের দেখে। মন্ত্রী সবকিছু দেখে মুগ্ধ।

দুই দিন পর দেবতার কাছে ফিরে গিয়ে মন্ত্রী বললেন যে তিনি নরকেই থাকতে চান।

দেবতা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি ভেবে বলো। সত্যি ওখানে থাকতে চাও?

মন্ত্রীর জবাব, হ্যাঁ।

দেবতা বললেন, তথাস্তু। যাও তাহলে। ভালো থেকো।

এরপর মন্ত্রী নরকে ফিরে দেখেন যে সবকিছু পুরো অন্য রকম। কোনো সুন্দর জায়গা নেই। শুধু আগুন আর কয়লা। দৈত্যরা মানুষজনকে শাস্তি দিচ্ছে। অসংখ্য সাপ আর হিংস্র প্রাণী ঘুরে বেড়াচ্ছে, খুবই কুৎসিত আর জঘন্য জায়গা।

মন্ত্রী অবাক হয়ে শয়তানের কাছে জানতে চান, নরকের এই হাল কেন? আগে আমি কী দেখে গেলাম?

শয়তান হেসে বলল, আরে ওইটা তো ছিল একটা ক্যাম্পেইন। তোমরা যেমন নির্বাচনের আগে মানুষকে স্বর্গের স্বপ্ন দেখিয়ে পরে নরক উপহার দাও, আমিও সে রকমই করেছি। তোমার তো এটা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়!

খ. গোপাল ভাঁড়ের কথা আমরা কমবেশি অনেকেই জানি। উপস্থিত বুদ্ধি আর রসবোধের জন্য তাঁর খ্যাতি কালের গণ্ডি পেরিয়ে গেছে।

গোপালের স্ত্রী একদিন গোপালকে বলল, তুমি কী গো! জামাই আনার নাম পর্যন্ত করো না। দুই বছর হয়ে গেল, একবারটি জামাইকে আনলে না?

স্ত্রীর কথা শুনে গোপাল বলল, জামাই আনা কি চাট্টিখানি কথা! কত খরচ বলো তো? স্ত্রী বলল, তুমি দেখছি হাড়কিপটে গো। আজকালের মধ্যে জামাই না আনলে আমি বাপের বাড়ি চলে যাব।

নিরুপায় গোপাল সেই বিকেল বেলায় জামাই নিয়ে ফিরল।

শ্বশুরবাড়ির আদর-আপ্যায়নে জামাই বেজায় খুশি। মাসখানেক পর জামাই শাশুড়িকে বলল, ‘মা, এখানে এসে আমার শরীরটা বেশ ভালো হয়েছে, ভাবছি আরও কিছুদিন থাকব।’ জামাইয়ের কথা শুনে শাশুড়িও খুশি হয়ে বলেন, ‘তা তোমার যত দিন ইচ্ছা থাকো না।’

শাশুড়ি ও জামাইয়ের কথোপকথন শুনে গোপাল মনে মনে প্রমাদ গুনল। না, আর নয়। যেভাবেই হোক, জামাই বাবাজিকে তাড়াতে হবে, নইলে যে জমানো টাকা ভাঙতে হবে। জামাই পোষা না হাতি পোষা!

জামাইকে একান্তে পেয়ে গোপাল বলে, বাবাজি, এ পাড়ায় ভীষণ ছিঁচকে চোরের উৎপাত। এই যে দেখছ লেবুগাছটা, এতে হাজার হাজার লেবু এলেও আমি সময়মতো দেখতে পাই না। বেচলেও বেশ পয়সা হতো। তুমি বাপু একটু লেবুগাছটার দিকে নজর রেখো, বিশেষ করে সন্ধ্যার পর একটু নজর রেখো। বাতি নিভিয়ে দুই-চার দিন গাছের দিকে নজর রাখলে নিশ্চয় চোর ধরতে পারবে।

শ্বশুরকে আশ্বস্ত করে জামাই বলল, আপনি কিছু ভাববেন না বাবা, চোর আমি ধরবই।

সেদিন সন্ধ্যাবেলা গোপাল রাজবাড়ি থেকে ফিরে স্ত্রীকে বলল, পেটটা কী রকম ভুটভুট করছে। গাছ থেকে দুটো লেবু এনে একটু লেবুর শরবত করে দাও তো।

ঘরে আর অন্য কোনো বাতি না থাকায় গোপালের স্ত্রী অন্ধকারেই লেবু আনতে গেল। জামাই চোর ধরার অপেক্ষায় ওত পেতে বসে ছিল। চোর ভেবে শাশুড়িকে জাপটে ধরল।

চিৎকার-চেঁচামেচি শুনে গোপাল সঙ্গে সঙ্গে বাতি নিয়ে ছুটে গেল। তখনো জামাই শাশুড়িকে জড়িয়ে ধরে আছে। গোপাল তাই দেখে বলল, এই ছিল তোমার মনে জামাই। শেষকালে কিনা তুমি শাশুড়িকেই জাপটে ধরলে?

গোপালের স্ত্রী ভীষণ লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেল। ঘটনায় অপ্রস্তুত জামাইও লজ্জায় রাতের অন্ধকারে শ্বশুরবাড়ি ত্যাগ করল।

মনের সুখে বারান্দায় বসে গোপাল হুঁকোয় সুখটান দিতে লাগল।