হোম > ছাপা সংস্করণ

জাদুকর মেন্ডিস থেকে সাকিবদের কান্না

হাসনাত শোয়েব, ঢাকা

যৌবন পেরিয়ে ক্রমে অভিজ্ঞতার ঝুলি বাড়াচ্ছে এশিয়া কাপ। ১৯৮৪ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই। এরপর ৩৮ বছরে সব মিলিয়ে ১৪ বার এই শিরোপার জন্য লড়াইয়ে নামে এশিয়ার শীর্ষ সারির ক্রিকেট খেলা দেশগুলো। বলা বাহুল্য, শিরোপা জেতায় বরাবরই দাপট দেখিয়েছে তিনটি দেশ। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যেই সীমায়িত এই শিরোপা। বাংলাদেশ তিনবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি। তবে শিরোপা রেসে বৈচিত্র্য না থাকলেও লম্বা সময় ধরে চলতে থাকা এই টুর্নামেন্ট উপহার দিয়েছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। সেই মুহূর্তগুলোর কয়েকটি নিয়েই এই আয়োজন। 

মেন্ডিসে হতভম্ব ভারত, ২০০৮
২০০৮ সালে রহস্যময় এক স্পিনার হিসেবে আবির্ভূত হন অজন্তা মেন্ডিস। ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপের কাছেও যেন মেন্ডিসের কোনো জবাব ছিল না। বিশেষ করে এশিয়া কাপের ফাইনালে ‘ক্যারম বলে’ মেন্ডিস একাই ধসিয়ে দেন ভারতীয় ব্যাটারদের। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৭৩ রানে অলআউট হয় লঙ্কানরা। ‘মাতারা হ্যারিকেন’ খ্যাত সনাথ জয়াসুরিয়া খেলেন ১২৫ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামের উইকেটকে ভারতীয় ব্যাটারদের বধ্যভূমিতে পরিণত করেন মেন্ডিস। বল উইকেটে পড়ে কোন দিকে বাঁক নেবে তা বুঝতেই পারছিলেন না ভারতীয় ব্যাটাররা। 
১৩ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন মেন্ডিস।  

শচীনের শততম সেঞ্চুরি, ২০১২ 
২০১২ সালের এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের অনন্য এক অর্জনের সাক্ষী হয়েছে। সেই টুর্নামেন্টেই ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ১০০ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন ‘মাস্টার ব্লাস্টার’খ্যাত এই ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে করা সেই সেঞ্চুরিটা ছিল ওয়ানডেতে তাঁর  ৪৯তম সেঞ্চুরি। শচীনের সেঞ্চুরির পরও অবশ্য সেই ম্যাচে হেরে গিয়েছিল ভারত। পরে সেই টুর্নামেন্ট দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান শচীন। 

সাকিবদের কান্না, ২০১২ 
শচীনের শততম সেঞ্চুরি ছাড়া আরেকটি কারণে ২০১২ সালের এশিয়া কাপ স্মরণীয় হয়ে আছে। ফাইনালে শিরোপার খুব কাছে গিয়েও  হৃদয় ভেঙেছিল বাংলাদেশের। সেদিন হারের পর সাকিব-মুশফিকদের কান্নার ছবি শুধু এশিয়া কাপেরই নয়, ক্রিকেট ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে আছে। শিরোপা-নির্ধারণী ম্যাচে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে তামিম-সাকিবের ব্যাটে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। শেষে ১৮ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৫ রান। শেষ পর্যন্ত ২ রানে ম্যাচ জিতে মিরপুরেই বাংলাদেশ দল ও সমর্থকদের হৃদয় ভাঙে পাকিস্তান। 

‘বুম বুম’ আফ্রিদি, ২০১৪ 
ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ এক ম্যাচের সাক্ষী হয়েছিল ২০১৪ সালের এশিয়া কাপ। ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। রোহিত শর্মা, আম্বাতি রাইডু এবং রবীন্দ্র জাদেজার ফিফটিতে ৮ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে মোহাম্মদ হাফিজের  ৭৫ রানের পরও সংগ্রাম করতে হচ্ছিল পাকিস্তানের। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১০ রান। তবে ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা মেরে পাকিস্তানকে স্মরণীয় এক জয় এনে দেন শহীদ আফ্রিদি। ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন আফ্রিদি।