হোম > ছাপা সংস্করণ

মাঠে আছেন বিএনপি নেতারাও

মো. মাসুম, টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১২টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। তৃতীয় ধাপের এ নির্বাচনে ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের পর আটসাট বেঁধে নির্বাচনী প্রচারে নেমেছেন প্রার্থীরা। বিএনপি কেন্দ্রীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও বর্তমান ও সাবেক মিলিয়ে ১০-১২ জন নেতা টঙ্গিবাড়ীতে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

উপজেলার ধীপুর ইউপি থেকে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আক্তার হোসেন মোল্লা। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ধীপুর ইউপির সাবেক চেয়ারম্যান। সাবেক সাংসদ এম শামসুল ইসলামের সঙ্গে ছিল তাঁর ভালো সখ্য। তাঁর হাত ধরেই রাজনীতি এবং অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে ওঠেন এই নেতা। এ ছাড়া এই ইউপি থেকে নির্বাচন করছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ জামালের স্ত্রী খাদিজা জামাল। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। খাদিজা নিজেকে আওয়ামী লীগের কর্মী পরিচয় দিলেও স্বামীর পরিচয়ে তিনি পরিচিত মুখ। এই উপজেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।

আউটশাহী ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে নির্বাচন করছেন মো. খসরু শিকদার। আনারস প্রতীকের প্রার্থী হয়েছেন তিনি। একসময়ের তুখোড় ছাত্রদল নেতা খসরু শিকদার ওই ইউপির সাবেক চেয়ারম্যান এবং বিএনপি নেতা মৃত আলকু শিকদারের ছেলে। ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। রয়েছেন শক্ত অবস্থানে। তাঁর দলীয় পরিচয় জিজ্ঞাসা করলে কোনো দলের সঙ্গে তিনি সম্পৃক্ত নয় বলে জানান।

বেতকা ইউপি থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সদস্যসচিব মো. রোকনুজ্জামান শিকদার। মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বর্তমানে তিনি আওয়ামী লীগে যোগদান করছে বলে শোনা যাচ্ছে। নির্বাচনী মাঠে রয়েছে তাঁর শক্ত অবস্থান। রোকনুজ্জামানের বাবা ইউসুফ শিকদার বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি। বেতকা ইউপির আরেক প্রার্থী সাখাওয়াত হোসেন আনারস প্রতীক পেয়ে নির্বাচন করছেন। তিনি আগে ছাত্রদলের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

সোনারং-টঙ্গিবাড়ী ইউপি থেকে বিএনপির একাধিক প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। পুরো উপজেলার মধ্যে বিএনপির রাজনীতির মেরুকরণে থাকা মল্লিক পরিবার থেকে এবার সদর ইউনিয়নে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির মল্লিক উপজেলা বিএনপির সদস্য। এ ছাড়া একই পরিবার থেকে সাবেক ছাত্রদল নেতা জনি মল্লিক, ওই ইউনিয়ন যুবদলের সভাপতি রাসেল মল্লিক ও মো. নজরুল ইসলাম মল্লিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

দীঘিরপাড় ইউপি থেকে নির্বাচন করছেন টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বর্তমান দীঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম মোল্লা। আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি। এ বছর ওই এলাকার প্রভাবশালী খান পরিবারসহ কয়েক পরিবারের সমর্থন নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন।

হাসাইল বানারী ইউপি থেকে নির্বাচন করছেন মো. নুরুজ্জামান দেওয়ান। মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন একসময়ের আলোচিত বিএনপির এই নেতা। তিনি হাসাইল বানারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ. খালেক ব্যাপারী। বিএনপির রাজনীতির সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধীপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন মোল্লা বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের কোনো দলীয় নির্দেশনা নেই। যে যার মতো করে নির্বাচন করতে পারবে, এতে কোনো বাধানিষেধ নেই।’