উপকরণ
ময়দা দেড় কাপ, বেকিং সোডা, লবণ, ঘি ও টক দই ১ চা-চামচের ৪ ভাগের ১ ভাগ করে, তেল পরিমাণমতো।
শিরার জন্য
চিনি দেড় কাপ, পানি ৩ থেকে ৪ কাপ, লেবুর রস ১ চা-চামচ, অরেঞ্জ ফুড কালার ৩ ফোঁটা।
প্রণালি
দেড় কাপ ময়দা, বেকিং সোডা ও লবণ ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিন। এরপর ঘি দিয়ে ময়দা মাখিয়ে ঝুরঝুরে করে নিয়ে তাতে টক দই যোগ করে খামির তৈরি করে নিন। খামির খুব আলতোভাবে মাখিয়ে নিতে হবে যেন মসৃণ না হয়। খামির তৈরি হলে ভেজা সুতির কাপড় দিয়ে আধা ঘণ্টা রেস্টে রাখুন। এরপর খামির চেপে চেপে পাঁচ থেকে ছয় বার ভাঁজ করে নিন। এরপর ছোট ছোট ১২ থেকে ১৪টি লেচি কেটে নিয়ে গোল গোল করে নিন। প্রতিটি বলের মাঝখানে একটা গর্ত করে বালুশাহির আকৃতি দিন। তারপর ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে শিরা তৈরি করে নিতে হবে।
দেড় কাপ চিনির সঙ্গে এক কাপের কম পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। চিনি গলে ফুটে উঠলে তাতে খাবার রং ও লেবুর রস মিশিয়ে চুলা বন্ধ করে দিন। এবার একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা গরম করে তাতে বালুশাহি দিয়ে একেবারে কম আঁচে সোনালি রং করে ভেজে নিন। ভাজা হলে তুলে একটা কিচেন টিস্যুর ওপর রাখুন। কুসুম গরম বালুশাহি কুসুম গরম শিরার মধ্যে দিয়ে পাঁচ মিনিট রেখে তুলে নিন। এই বালুশাহি মাওয়ায় গড়িয়ে বা পেস্তাবাদামকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
লেখা ও ছবি ,মিম লস্কর পিংকী