হোম > ছাপা সংস্করণ

মাঠ ও শহরের নামে যেসব তারকার সন্তানের নাম

আরমান হোসেন

সিডনি লারা
(জন্ম: ১৯৯৬)
ব্রায়ান লারার প্রিয় ইনিংসের তালিকার শুরুর দিকে হয়তো আছে প্রথম টেস্ট সেঞ্চুরি। তবে প্রিয় ভেন্যুর তালিকার সবার ওপরে যে সিডনি আছে, সেটি বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ড লারা এতটাই ভালোবাসেন, মেয়ের নাম রেখেছেন স্টেডিয়ামের নামের সঙ্গে মিলিয়ে। ১৯৯৩ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৭ রানের ইনিংসটিই ছিল এই ক্যারিবিয়ান কিংবদন্তির প্রথম টেস্ট সেঞ্চুরি। এই ভেন্যু লারার মনে এতটায় গেঁথে গিয়েছিল যে এর তিন বছর পর তাঁর কন্যাসন্তান জন্ম নিলে নাম রাখেন সিডনি লারা।


ব্রুকলিন বেকহাম
(জন্ম: ১৯৯৯)
ডেভিড বেকহামের ছেলের নাম ব্রুকলিন বেকহাম। ব্রুকলিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কের একটি এলাকা। বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া তাঁর আত্মজীবনীতে লিখেছেন কীভাবে ছেলের নাম মিলে গেছে একটি শহরের নামের সঙ্গে, ‘সবসময় ব্রুক নামটি পছন্দ করতাম। এরপরই ব্রুকলিন নামটা আমার মাথায় আসে। জায়গাটি আমার ভীষণ পছন্দের। পরে মনে হয়েছে কীভাবে এটা মিলে গেল। কারণ, এটা তো নিউইয়র্কের শহর। ডেভিড বিশ্বকাপের পর এখানে এসেছিল আর তখনই আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম।’

মিলান পিকে মেবারাক 
(জন্ম: ২০১৩)
বার্সেলোনার তারকা জেরার্ড পিকে ও বিখ্যাত গায়িকা শাকিরার প্রেম কাহিনি প্রায় সব ফুটবলপ্রেমীরই জানা। এই যুগল তাঁদের প্রথম ছেলের নাম রেখেছেন মিলান পিকে মেবারাক। মিলান ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর। বার্সেলোনা ভক্তরা হয়তো ভাবতে পারেন পিকে ছেলের নাম কেন রাখলেন মিলান শহরের সঙ্গে মিলিয়ে। এর কারণ জানিয়ে শাকিরা বলেছেন, ‘স্লাভিক ভাষায় মিলান শব্দের অর্থ প্রিয়, প্রেমময়, ক্ষমাশীল। আর প্রাচীন রোমান ভাষায় আগ্রহী ও পরিশ্রমী এবং সংস্কৃত ভাষায় ঐক্যবদ্ধ বা একত্রীকরণ।’

ইন্ডিয়া জিন রোডস
(জন্ম: ২০১৫)
খেলোয়াড়ি জীবন থেকেই ভারত ছিল জন্টি রোডসের পছন্দের জায়গাগুলোর একটি। ভারতীয় সংস্কৃতির প্রতি রোডসের আলাদা টান আছে। ২০১৫ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচ ছিলেন রোডস। সেখানে থাকতেই কন্যাসন্তানের বাবা হন তিনি। ভারতের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখেন ‘ইন্ডিয়া’। এর ব্যাখ্যায় রোডস বলেছিলেন, ‘ভারতে অনেক সময় কাটিয়েছি। এখানকার সংস্কৃতি, ঐতিহ্য অনেক ভালোবাসি। এই দেশের প্রতি ভালোবাসা থেকেই আমার মেয়ের নাম ইন্ডিয়া রেখেছি।’

অলিম্পিয়া লাইটনিং বোল্ট 
(জন্ম: ২০২০)
উসাইন বোল্টের মেয়ের নাম অলিম্পিয়া লাইটনিং বোল্ট। নামের প্রথম অংশ অলিম্পিয়া গ্রিসের পেলোপনেস উপদ্বীপের ছোট্ট একটি শহর। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রাজধানীর নামও অলিম্পিয়া। কোন শহরের নামকে তারা ইঙ্গিত করেছেন, পরিষ্কার করেননি। বোল্ট জানিয়েছেন নামটি আসলে শুরুতে তাঁর স্ত্রী কেসি বেনেটের ভাবনায় এসেছে। কেসি অলিম্পিয়া শহরকে খুব ভালোবাসেন। অলিম্পিকে ৮ সোনাজয়ী বোল্ট গ্রিসের অলিম্পিয়া শহরের সঙ্গে মিলিয়েও মেয়ের নাম রাখতে  পারেন।

ইডেন রোজ
(জন্ম: ২০২২)
কার্লোস ব্রাথওয়েটের বিখ্যাত হওয়ার পেছনে আছে কলকাতার ইডেন গার্ডেনস। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইডেনে খেলা সেই ইনিংসটা ব্রাথওয়েটকে নায়ক বনিয়েছে। এমনিতেই ইডেন নামটা তাঁর খেলোয়াড়ি জীবনের সঙ্গে ভালোভাবে জড়িয়ে। এবার ব্যক্তিগত জীবনেও জড়িয়ে রাখলেন ইডেনকে। এ স্টেডিয়ামের নামে সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন ব্রাথওয়েট। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল থেকেই এ স্টেডিয়াম যে তাঁর  মনের মন্দিরে জায়গা নিয়েছে, মেয়ের নাম ইডেন রোজ যেন সেটিরই বহিঃপ্রকাশ।