আজ থেকে প্রায় ২০ বছর আগে ‘কেইজড বার্ড’-এর কথা প্রথম শুনেছিলাম। প্রথমে অবাক হয়েছি। এ আবার কেমন পাখি, খাঁচার বাইরে বেঁচে থাকতে পারে না! পরে বুঝলাম, এই পাখিগুলোকে শুধু খাঁচার উপযোগী করে তৈরি করা হয়েছে। খাঁচা এবং নির্দিষ্ট খাবারের বাইরে এরা টিকে থাকতে পারবে না।
আমরা যেখানে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নিয়ে কথা বলি, কেইজড বার্ডের ক্ষেত্রে এই বক্তব্য খাটে না। কারণ এই পাখিগুলোকে এমনভাবে অভিযোজন করানো হয়েছে যে বন্দী জীবনই এদের নিয়তি।
এবার আসি ভিন্ন প্রসঙ্গে। কেইজড বার্ডের সঙ্গে আমাদের শিশুদের কোনো মিল পাওয়া যায় কি? আমাদের শিশুরাও তো সারাক্ষণ ইট-সিমেন্টের খাঁচায় সময় কাটায়। এই বিবেচনায় তাদের তো ‘কেইজড বেবি’ বা খাঁচাবন্দী শিশুও বলা যায়। পার্থক্য এতটুকু যে পাখি তার দেহ অনুপাতে ছোট খাঁচায় বাস করে, শিশুর দেহের অনুপাতে খাঁচাটা একটু বড়। আনুপাতিক দিক বিবেচনা করলে, আয়তন প্রায় একই রকম।
আপনি বলতে পারেন, আমাদের শিশুরা তো বাইরে বের হতে পারছে। এক দিক থেকে আপনার বক্তব্য সঠিক, আবার অন্য বিবেচনায় এই দাবি ভুল। বাস্তব সত্য হচ্ছে, ঘরের বাইরে বের হলেও তারা আসলে খাঁচার বাইরে যেতে পারছে না। বলতে পারেন, এক খাঁচা থেকে আরেক খাঁচায় যাচ্ছে। বাসা থেকে স্কুল অথবা বন্ধুর বাসায় অথবা কোনো শপিং মলে যাচ্ছে। বাসা, স্কুল কিংবা শপিং মল—এগুলোকে খাঁচা বললে ভুল হবে না। মাঝখানে রাস্তায় যানবাহনে যে সময়টুকু কাটাচ্ছে, সেটাও একধরনের খাঁচা।
আমরা ছোটবেলায় খোলা প্রান্তর দেখেছি, দৌড়াদৌড়ি-লাফালাফি-ধস্তাধস্তি করেছি, সাঁতার কেটেছি, গাছে উঠেছি, কাদা নিয়ে মাখামাখি ইত্যাদি আরও অনেক কিছু করেছি। এই প্রজন্মের শহুরে শিশুদের কাছে এ বিষয়গুলো কল্পনার মতো। তারা নীল আকাশ দেখতে পায় না, বুক ভরে নির্মল বাতাস নিতে পারে না, দূর দিগন্তের প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ হয় না, ইচ্ছা করলেই পানিতে ঝাঁপ দিতে বা সাঁতার কাটতে পারে না, পারে না সবুজ ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হেঁটে যেতে। তাদের জন্য এই সুযোগগুলো অনেক বেশি সংকুচিত।
যেহেতু খোলা মাঠ বা প্রাকৃতিক পরিবেশের অভাব, বাধ্য হয়েই শিশুকে ঘরের মধ্যে থাকতে হচ্ছে। মা-বাবাও নিরুপায়। নিরাপত্তাজনিত কারণে ইচ্ছে করলেই শিশুকে বাইরে যেতে দিতে পারেন না। ছোট্ট শিশু, চঞ্চলতাই যার স্বভাব, কতক্ষণ সে বন্দী থাকতে চাইবে? কিছুক্ষণ আপনার কাছে আসবে, মনোযোগ চাইবে। তারপর আরেকজনের কাছে যাবে, খেলাধুলা করতে চাইবে। ব্যস্ততার কারণে আপনিও পর্যাপ্ত সময় দিতে পারছেন না।
শান্ত রাখার জন্য টেলিভিশন, ল্যাপটপ, ট্যাব অথবা মোবাইলের সামনে শিশুকে বসিয়ে দিচ্ছেন। টিভিতে কার্টুন দেখে অথবা কম্পিউটারে গেমস খেলে অথবা স্মার্ট ফোনে ইউটিউব দেখে শিশু সময় কাটাচ্ছে। আপনি খুশি, কারণ এখন সে বিরক্ত করে না। কিন্তু আসল সত্য জানলে আপনি স্থির থাকতে পারবেন না, খুশি হওয়া তো দূরের কথা।
যদি প্রশ্ন করি, আপনার ছোট্ট শিশুর হাতে মদের বোতল তুলে দেবেন কি? উত্তরে আপনি বলবেন—অবশ্যই না। অথচ শিশুর হাতে মোবাইল ফোন বা ট্যাব তুলে দিয়ে আপনি এ কাজটিই করছেন। বেশিক্ষণ স্ক্রিনে বুঁদ হয়ে থাকলে শিশুর মধ্যে একধরনের আসক্তি জেগে ওঠে। বিজ্ঞানীদের মতে, এই আসক্তি কোকেনের মতোই ভয়াবহ। ব্রেন স্ক্যানিং করে দেখা গেছে, কোকেন আসক্ত ও স্ক্রিন আসক্তদের মস্তিষ্কের সামনের দিকের ছবি একই রকম। দুই দলেরই হোয়াইট ম্যাটার ক্ষয়ে যাওয়া। মস্তিষ্কের হোয়াইট ম্যাটার আমাদের আবেগ, মনোযোগ ও সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে।
আরও ভয়ংকর দিক হচ্ছে, স্ক্রিন আসক্ত শিশু বাস্তবতা ও কল্পনার মধ্যে পার্থক্য করার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বন্ধু-বান্ধবদের সঙ্গে সরাসরি যোগাযোগ না হওয়ার কারণে ধীরে ধীরে অসামাজিক হয়ে ওঠে। যেহেতু মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ কমে যাচ্ছে, তাই মানুষের চেহারায় ফুটে ওঠা অভিব্যক্তি তারা বুঝতে পারে না। ফলে তারা অন্যদের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা হারিয়ে ফেলে।
নড়াচড়া করতে হয় না বলে শিশুরা মুটিয়ে যাচ্ছে, হাড় ও মাংসপেশি মজবুত হচ্ছে না। চোখের সমস্যা দেখা দিচ্ছে এবং অটিজমের হার বাড়ছে। শিশুর স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে তার মধ্যে হতাশা, বিরক্তি, দুষ্টামি, জেদ ধরা ইত্যাদি আচরণগত সমস্যা দেখা দিচ্ছে
এর বাইরেও এই শিশুরা বড় হচ্ছে খুব নাজুক হয়ে। সামান্য প্রতিকূলতায় টলে যায়, টিকে থাকতে পারে। তুচ্ছ কারণে আত্মহননের পথ বেছে নেয়। প্রেমে ব্যর্থ হয়ে, পরীক্ষায় ফেল করলে, মা-বাবা মোবাইল কিনে না দিলে, অথবা শিক্ষক কিংবা অভিভাবক বকা দিলে ইত্যাদি কত তুচ্ছ কারণে আমাদের শিশুরা আত্মহত্যা করছে।
অথচ আমাদের শৈশবে মার খাইনি এমন সপ্তাহ খুব কমই গেছে। হয় বাড়িতে, নাহয় স্কুলে। তারপরও কেন আমরা ভেঙে পড়তাম না? মাঝেমধ্যে থাপ্পড় খেতাম, মন খারাপ হতো। কিন্তু তার পরক্ষণেই হয় গোল্লাছুট খেলতাম অথবা পুকুরে ঝাঁপ দিতাম অথবা বন্ধুদের অন্য কোনো খেলায় মগ্ন হয়ে যেতাম। দুঃখ যে কোথায় উবে যেত, টেরই পেতাম না। (এর মানে এই নয় যে আমি প্রহারের পক্ষে সাফাই গাইছি, প্রহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়)
কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। প্রহার বা বকাঝকা বা শাসনের শিকার হলে, শিশুর মনে নেতিবাচক আবেগের যে ঝড় ওঠে, তা প্রশমনের কোনো ব্যবস্থা এখন নেই। খোলা মাঠ, খেলার সঙ্গী, মুক্ত পরিবেশের সংস্পর্শে আসার সুযোগ পায় না বলেই শিশুদের এই দুরবস্থা। এ কারণেই শিশুরা ঘাতসহনশীল ও কষ্টনির্ভর হয়ে বেড়ে উঠছে না।
তাহলে বাঁচার উপায় কী? এখানেই খোলা মাঠ এবং খেলাধুলার প্রাসঙ্গিকতা এসে যায়। শিশুর শারীরিক-মানসিক বিকাশের জন্য খোলা মাঠ ও খেলাধুলা দুটোই জরুরি। খেলার মাধ্যমে শিশুর কল্পনাশক্তি, সৃজনশীলতা, পারস্পরিক যোগাযোগ, নেতৃত্বের গুণাবলি, সামাজিক অভিযোজন, নৈতিক গুণাবলি, আবেগজনিত বুদ্ধিমত্তা ইত্যাদি যোগ্যতা বিকশিত হয়। খেলাধুলার ফলে শিশুর পেশি সঞ্চালন বৃদ্ধি পায়, হাড় ও পেশির গঠন মজবুত এবং দৈহিক সক্ষমতা বৃদ্ধি পায়।
খেলাধুলার মাধ্যমেই শিশু আত্মনিয়ন্ত্রণ, অর্থাৎ আবেগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শেখে। প্রায় প্রতিদিন শিশুদের জীবনে এমন কিছু ঘটে যা তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। খেলাধুলার ফলে শিশুর ভয়, উদ্বিগ্নতা, মানসিক চাপ ও অস্বস্তি প্রশমিত হয়। বাধাহীন খেলার সুযোগ পেলে শিশুরা সহজেই মানসিক চাপ মোকাবিলা এবং ব্যর্থতা কাটিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করতে পারে।
খেলাধুলার মাধ্যমে শিশু অন্যদের সঙ্গে মেলামেশার সুযোগ পায়। অন্য শিশুদের তুলনায় নিজের সামর্থ্য ও দুর্বলতা সম্পর্কে সম্যক ধারণা লাভ করে। ফলে অন্য শিশুদের সঙ্গে কীভাবে বন্ধুত্ব করতে হবে, কীভাবে মানিয়ে চলতে হবে—এই ধারণাও পেয়ে যায়। খেলার মাধ্যমে সে ছোটখাটো ঝগড়া-বিবাদ বা ঝামেলা সামলানো শেখে এবং সহযোগিতার অভিজ্ঞতা লাভ করে। এ ছাড়া খেলার সময় শিশু প্রতিনিয়ত যেসব সমস্যার সম্মুখীন হয়, তার সমাধান বের করার জন্য মস্তিষ্ককে কাজে লাগাতে হয়। এতে করে শিশুর মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।
যেহেতু শিশুর মনোদৈহিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে খেলাধুলা অত্যাবশ্যকীয়, তাই খেলার মাঠের বন্দোবস্ত আমাদেরই করতে হবে। যদি ব্যর্থ হই, তাহলে চোখের সামনে নতুন প্রজন্মের বিপর্যয়-অধঃপতন দেখতে হবে আমাদের। নিশ্চয়ই সেটা দেশ, জাতি ও সমাজের জন্য সুখকর হবে না।
লেখক: প্যারেন্টিং গবেষক