হোম > ছাপা সংস্করণ

বায়ান্নর চেতনায় বরাকের ভাষা আন্দোলন

তরুণ চক্রবর্তী

সালাম, রফিক, বরকত, জব্বারদের রক্ত বৃথা যায়নি; বরং তাঁদের আত্মত্যাগ বাঙালিকে আরও বেশি প্রতিবাদী করে তোলে। উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে সাবেক পূর্ব পাকিস্তানের বাঙালিরা যেমন ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি গর্জে উঠেছিলেন ঢাকার রাজপথে, ঠিক তেমনি অসমিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকার বাঙালিরাও। ১৯৬১ সালের ১৯ মে তাঁদের অহিংস সত্যাগ্রহ আন্দোলন দমাতে গর্জে উঠেছিল ভারতীয় নিরাপত্তারক্ষীর বুলেট। শিলচর রেলস্টেশনে আধা সেনার গুলিতে লুটিয়ে পড়েন কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্রকুমার দেব, কুমুদরঞ্জন দাস, সুনীল সরকার, তরণী দেবনাথ, শচীন্দ্র চন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুকোমল পুরকায়স্থ ও কমলা ভট্টাচার্য। ১১ জন ভাষাশহীদের রক্তের বিনিময়ে আসামের বাঙালি-অধ্যুষিত বরাক উপত্যকায় সরকারি ভাষা হিসেবে স্বীকৃত হয় বাংলা।

বায়ান্নর চেতনাকে কাজে লাগিয়ে সালাম-বরকতরা ৩০ লাখ শহীদ মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে লাভ করেছেন দুনিয়ার একমাত্র বাঙালির রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু আসামের বরাক উপত্যকার বাঙালিরা আজও পরীক্ষা দিয়ে চলেছেন ভারত রাষ্ট্রে নিজেদের নাগরিকত্ব প্রমাণের। হিন্দু ও মুসলিম-নির্বিশেষে তাঁরা আজও শিকার হচ্ছেন অসমিয়া আধিপত্যবাদের। অথচ ১৯৬১ সালের ১৯ মের পরেও বরাকের বাঙালিকে প্রাণ দিতে হয়েছে। ১৯৭২ সালের ১৭ মে শহীদ হন বিজন চক্রবর্তী (বাচ্চু)। এরপর ১৯৭২ সালের ১৭ আগস্ট আসামের ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন বিজন চক্রবর্তী ও ডা. মনীষী দাস। এ ছাড়া ১৯ মের বাংলা ভাষা আন্দোলনের পর দীর্ঘ ২৪ বছর শারীরিক যন্ত্রণার সঙ্গে লড়াই করে ১৯৮৫ সালে শহীদ হন কৃষ্ণকান্ত বিশ্বাস। ১৯৮৬ সালের ২১ জুলাই শহীদ হন জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস (যিশু)। বাংলা ভাষার ওপর আসামে আধিপত্যবাদীদের আগ্রাসন আজও বন্ধ হয়নি। জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি), নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অথবা ফরেনার্স ট্রাইব্যুনালের নামে চলছে বাঙালি দমন। ইতিমধ্যেই নাগরিকত্ব প্রমাণ দিতে না পারায় আসামের বহু বাঙালি প্রাণ হারিয়েছেন। তবু প্রতিষ্ঠিত হয়নি বাঙালির অধিকার; বরং একষট্টি সালে প্রাপ্ত স্বীকৃতি ও অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তথা ভাষা আইন সুরক্ষা সমিতির সভাপতি ড. তপোধীর ভট্টাচার্যের মতে, একুশের চেতনা অবশ্যই প্রভাবিত করেছে উনিশের আন্দোলনকে। তবে রাজনৈতিক কারণেই এ বিষয়ে গবেষণা হয়নি। তৎকালীন কংগ্রেস সরকার ব্যস্ত ছিল নিজেদের পাপ ঢাকতে। আর এখনকার বিজেপি তাদের ‘হিন্দু-হিন্দি-হিন্দুস্থান’ নীতি কার্যকর করতে গিয়ে বাঙালির সর্বনাশ ডেকে আনছে। অসমিয়া আধিপত্যবাদীদের কাজে লাগানো হচ্ছে বাঙালির বিরুদ্ধে। বাঙালির মধ্যে বিভেদ ঘটাতে আশ্রয় নেওয়া হচ্ছে ধর্মীয় বিভাজনের। তপোধীর ভট্টাচার্যের মতে, বাঙালি কখনো হিন্দু বা মুসলিম হয় না। বাঙালি বাঙালিই হয়। এটাই তাদের পরিচয়। বায়ান্নর ভাষা আন্দোলনের এই চেতনাই একষট্টিতেও বাঙালিকে উদ্বুদ্ধ করে। কিন্তু বিভেদকামী শক্তি বাঙালির ইতিহাস ও সংস্কৃতিকে বিকৃত করার চেষ্টা করছে বলেও তিনি মনে করেন। সর্বভারতীয় রাজনৈতিক দলের প্রভুত্ববাদেরও শিকার হচ্ছে বরাকের মানুষ। ৬০ বছর অতিক্রান্ত হলেও শিলচর স্টেশনের নামটুকুও ভাষাশহীদদের নামে করা যায়নি; বরং বরাকে বাংলার যে সরকারি স্বীকৃতি ছিল, সেটিও খর্ব হচ্ছে।

অথচ ঐতিহাসিকভাবে বরাক উপত্যকা কখনো আসামের সঙ্গে ছিল না। ব্রিটিশরাই ১৮৭৪ সালে খাজনা আদায়ের স্বার্থে সাবেক বেঙ্গল প্রভিন্স থেকে কেটে অবিভক্ত কাছাড় (বর্তমান কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা) ও গোয়ালপাড়া জেলাকে আসাম প্রভিন্সের সঙ্গে যুক্ত করে। আজও তাই দুই জায়গাতেই বাংলার ভূমি আইন প্রযোজ্য। ব্রিটিশরা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মতোই অবৈজ্ঞানিকভাবে অসমিয়াদের সঙ্গে জুড়ে দেয় বাংলার কাছাড় ও গোয়ালপাড়াকে। গোয়ালপাড়া অসমিয়া আধিপত্যবাদের কাছে আগেই আত্মসমর্পণ করেছে। কাছাড় পুরোপুরি করেনি। তাই তারা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হচ্ছে আজও। তপোধীর বাবুর মতে, বাংলা ভাগ প্রথমবার ব্রিটিশরা করেছিল ১৮৭৪ সালে। তাঁর ভাষায়, ‘নিঃশব্দ বঙ্গভঙ্গ’। সেই বঙ্গভঙ্গেরই যন্ত্রণা আজও ভোগ করছে বরাকের বাঙালিরা।

আসামের নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতির (সিআরপিসিসি) কো-চেয়ারম্যান সাধন পুরকায়স্থ মনে করেন, আসামের বাঙালিদের নিকেশ-প্রক্রিয়া চলছে। বিজেপি মুখে হিন্দুত্বের কথা বললেও বাঙালিদের ধ্বংস করতে চালু রয়েছে সব ধরনের প্রক্রিয়া। ‘ডিটেনশন ক্যাম্প নামক মৃত্যুকূপে বাঙালি নিক্ষেপ’-এর অভিযোগ করেন তিনি। সাধন পুরকায়স্থের অভিযোগ, হিন্দু-মুসলিমনির্বিশেষে বাঙালিকে ভরা হচ্ছে গারদে। না মরলে সেখান থেকে তাদের মুক্তি নেই। ভাষা আইন সুরক্ষা সমিতির সহসভাপতি মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া তাই বাঙালির অধিকার অক্ষুণ্ন রাখতে দলমত-নির্বিশেষে সব বাঙালিকে এক হওয়ার পরামর্শ দেন। আইনজীবী ও সিআরপিসিসির উপদেষ্টা আলহাজ হাফিজ আব্দুর রশিদ চৌধুরীর অভিযোগ, বিচারের নামে অযথা হয়রানি করা হচ্ছে আসামের বাঙালিদের। তাই এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি গণ-আন্দোলনকেও গুরুত্ব দেন তিনি।

কিন্তু পরিতাপের বিষয়, ১১ শহীদের শহর শিলচরের বাঙালিরা শুধু হিন্দু বা মুসলিমেই বিভক্ত নয়, কংগ্রেস-বিজেপি বা অন্যান্য দলেও তারা সক্রিয়। ফলে একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা উনিশে ভাষাশহীদ দিবস পালনে বর্ণাঢ্য আয়োজন হলেও বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তেমন শক্তি নেই। তপোধীর ভট্টাচার্যরা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেও রাষ্ট্রীয় শক্তির মদদপুষ্ট রাজনৈতিক শিবির বড় বাধা হয়ে দাঁড়িয়েছে উনিশের আসল সাফল্যের। কারণ, বরাকের নেই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো কোনো দূরদর্শী নেতৃত্ব। তাই উত্তর-পূর্ব ভারতের আসাম বাদে অন্য সব রাজ্যের থেকে বেশি জনসংখ্যা নিয়েও ভারতীয় সংবিধানকে মান্যতা দিয়েই বাঙালির জন্য পৃথক রাজ্যের দাবিটুকুও দৃঢ় হতে ব্যর্থ।

তরুণ চক্রবর্তী
কলকাতা প্রতিনিধি, আজকের পত্রিকা