উপকরণ
কাবাব তৈরির জন্য লাগবে কোরাল মাছের পেটি ছাড়া ৫-৬টি পিস, মাঝারি আকারের ৪টি আলু, ডিম ২টি, কাঁচা মরিচ ৪টি, মাঝারি আকারের পেঁয়াজ ১টি, ১ চা-চামচ আদা-রসুনবাটা, আধা চা-চামচ গোলমরিচ ও গরম মসলার গুঁড়া, পরিমাণমতো লবণ ও হলুদ। ভাজার জন্য সয়াবিন তেল।
প্রণালি
অল্প একটু পানি ও লবণ দিয়ে মাছ সেদ্ধ করে নিন। একটি পাত্রে আলুও সেদ্ধ করুন। মাছ সেদ্ধ হয়ে গেলে চামড়া ও কাঁটা আলাদা করে নিন। ফ্রাইপ্যান বা কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে মাছগুলো ভেঙে হালকা ভেজে নিন। অন্যদিকে, পেঁয়াজ ও কাঁচা মরিচগুলো কোনো পানি ছাড়া বেটে নিন।
সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে ভালো করে চটকে নিন। দেখতে হবে, আলুতে যেন কোনো গোটা অংশ না থাকে। এবার আলুর সঙ্গে হালকা ভাজা মাছ, ডিম, পেঁয়াজ ও কাঁচা মরিচবাটা, আদা-রসুনবাটা, গোলমরিচ ও গরম মসলার গুঁড়া, পরিমাণমতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবার কড়াইয়ে বেশি করে সয়াবিন তেল দিন। তেল গরম হয়ে গেলে মেশানো উপকরণ কাবাব আকৃতি করে ডুবো তেলে ভেজে নিন। কাবাবের গায়ে বাদামি রং এলে নামিয়ে পরিবেশন করুন।