হোম > ছাপা সংস্করণ

আম্রকানন দখলে রাজনৈতিক উত্তাপ

রাশেদুজ্জামান, মেহেরপুর

স্বাধীনতার সঙ্গে জড়িয়ে থাকা নাম ‘মুজিবনগর সরকার’। এ সরকারের নেতৃত্বেই ১৯৭১ সালে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। মেহেরপুর জেলার মুজিবনগরের আম্রকাননে শপথ নেয় মুজিবনগর সরকার। আর এই মুজিবনগর পড়েছে মেহেরপুর-১ সংসদীয় আসনে। ঐতিহাসিক কারণে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত এ আসন বেশ গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলই দাবি করে আসনটি তাদের ঘাঁটি। অতীত ইতিহাসও সে কথাই বলছে। তবে টানা তিনবার আসন দখলে থাকায় আওয়ামী লীগ এগিয়ে। ভোটের মাঠে পিছিয়ে নেই বিএনপিও। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর আগেই ভোটের মাঠে রাজনৈতিক উত্তাপ।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘর গোছাতে ব্যস্ত। আর রাজপথের আন্দোলনে ব্যস্ত বিএনপি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, সরকারের উন্নয়ন ও বিএনপির রাজনৈতিক ব্যর্থতার কারণেই সামনের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে আওয়ামী লীগ। আর বিএনপি নেতারা বলছেন, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সরকার জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবিতে রাজপথে থাকবেন তাঁরা।

নির্বাচন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আওয়ামী লীগ। এ আসনে দলটির একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী। তবে এগিয়ে আছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ আসনের বর্তমান এমপি ফরহাদ হোসেন। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন তিনি। মনোনয়নের দৌড়ে আছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মিয়াজান আলী। এ ছাড়া নাম শোনা যাচ্ছে আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম ও সাবেক এমপি জয়নাল আবেদীনের নাম।

সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ এবং গত নির্বাচনে প্রথমবার মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সদস্য জাকির হোসেন বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন।

নির্বাচন নিয়ে কথা হয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত দুটি সংসদ নির্বাচনের পর এ জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। জেলায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। নার্সিং কলেজ, ২৫০ শয্যা মেহেরপুর জেনারেল হাসপাতালের বহুতল ভবন, একটি টেক্সটাইল কারিগরি কলেজের কাজ চলমান। অপেক্ষায় আছে মুজিবনগরকে ঘিরে একটি আন্তর্জাতিক মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র নির্মাণকাজ, যার ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি টাকা। স্থলবন্দর, রেললাইন ও কৃষি গবেষণা কেন্দ্রের কাজও শুরু হওয়ার অপেক্ষায়। প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কাজ চলমান। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি জায়গায় সরকারের ব্যাপক উন্নয়নের কারণে মানুষ এবার নৌকায় ভোট দেবেন বলে তিনি দাবি করেন।

অন্য মনোনয়নপ্রত্যাশীদের ব্যাপারে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। তাই এখানে প্রতিযোগিতা থাকবে। দলীয় কোনো কোন্দল নেই। প্রতিটি কর্মসূচিতে নেতা-কর্মীরা মাঠে রয়েছেন। নিজের কাজের ওপর ভিত্তি করেই আবারও মনোনয়ন পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। তবে নেত্রী যাকে মনোনয়ন দেবেন সবাই মিলে নৌকার পক্ষে কাজ করবেন বলে জানান।
মিয়াজান আলী দাবি করছেন, এবারের নির্বাচনে মনোনয়নের দিক থেকে তিনি অনেক এগিয়ে। কারণ, প্রতিটি আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের 

নিয়ে তিনি মাঠে রয়েছেন।। তবে দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এ নেতা। তিনি বলেন, জেলা কমিটি হওয়ার ছয় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। আন্দোলন-সংগ্রামে জেলা আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীর একসঙ্গে মাঠে দেখা যায় না। ত্যাগী নেতাদের কোনো মূল্যায়ন নেই বলে তিনি অভিযোগ করেন। তবে তাঁর বিশ্বাস, নির্বাচনকে কেন্দ্র করে আবারও আওয়ামী লীগ নেতা-কর্মীরা উজ্জীবিত হবেন। তাই যোগ্য নেতা দেখে মনোনয়ন দেওয়ার দাবি তাঁর।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদ অরুণ বলেন, মেহেরপুর জেলা বিএনপি অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তবে নির্বাচন মনোনয়ন প্রশ্নে ভিন্নমত ও ভিন্ন প্রত্যাশা থাকতেই পারে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই দলের মধ্যে কোনো বিভেদ থাকবে না। সবাই ঐক্যবদ্ধ থেকেই দল থেকে মনোনীত প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করবেন নেতা-কর্মীরা।

আরেক মনোনয়নপ্রত্যাশী জাকির হোসেনেরও একই মত। জেলা বিএনপির মধ্যে বিরোধ রয়ে গেছে বলে জানান তিনি। তাই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় নেতাদের যোগ্য প্রার্থীকেই বিবেচনা করতে হবে মনে করেন এ নেতা।

জাকির হোসেন বলেন, ‘যেহেতু আমি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে রাজপথে আছি, সে বিবেচনা করেই দল আমাকে মনোনয়ন দেবে।’ 

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস