যেকোনো ব্যাটারের কাছে সেঞ্চুরি মানে বিশেষ কিছু। সেটা যে পরিস্থিতিতেই আসুক না কেন। তবে কিছু সেঞ্চুরি মাঝে মাঝে একটু বেশিই বিশেষ হয়ে ওঠে। যেটার হয়তো কোনো বিশেষণ হয় না। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিকে আপনি চোখ বুঝে এই কাতারে রাখতে পারেন। সমালোচনায় ক্ষতবিক্ষত হওয়ার সময়টা কিছুটা পেছনে ফেলতে পেরেছেন তিনি।
গত জানুয়ারিতে বিপিএল, এরপর ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর—এই বছর শান্তকে হাসতে শিখিয়েছে। প্রথমে টি-টোয়েন্টি দিয়ে রানের সঙ্গে তাঁর সখ্য। এই বছর ৬ ম্যাচে ৫৪.৬৬ গড়ে শান্তর রান ১৬৪। স্ট্রাইকরেট ১২১.৪৮। গত দুই ওয়ানডে সিরিজেও হেসেছে তাঁর ব্যাট। এ বছর ৮ ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৫২.৮৫। স্ট্রাইকরেট ৮৭.২৬। ৭ ইনিংসে ব্যাটিং করে ৩৭০ রান করেছেন। ৩টি ফিফটির সঙ্গে চেমসফোর্ডের সেঞ্চুরিটা যেখানে সর্বশেষ সংযোজন। এ বছর ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। দিনের পর দিন রানের জন্য সংগ্রাম করেছেন। আউটের পর মলিন অবয়বে ড্রেসিংরুমের পথ ধরেছেন। তাঁর আউটে গ্যালারি থেকে করতালিও ভেসে এসেছে।
যেসব শান্তর কান অবধি না পোঁছার কোনো কারণ নেই। আক্ষেপ করে তাই কি না একদিন বলেও ফেললেন, ‘আমার মনে হয়, আমি বাংলাদেশের হয়ে খেলি না, প্রতিপক্ষ দলের ব্যাটার।’
চেমসফোর্ডে সেঞ্চুরি পূর্ণ করেই হেলমেট খুলে শান্তর অমন বুনো উদ্যাপন তাই একেবারেই অবাক করে না। সেই সময়-এই সময়, পার্থক্যটা এখনো টাটকা। তবু শান্তর প্রকাশভঙ্গি এখনো আগের মতোই। সেঞ্চুরির পর অমন খ্যাপাটে উদ্যাপন করলেও ম্যাচ শেষে আক্ষেপের কথাও ঝরল শান্তর কণ্ঠে। আক্ষেপটা দলের জয় নিশ্চিত করে আসতে না পারায়। ১১৭ রানের চোখের প্রশান্তি এনে দেওয়া ইনিংস শেষ করে তিনি যখন ফিরছেন, জয় থেকে তখনো ৬৩ রানের দূরত্বে বাংলাদেশ। হাতে বল ছিল ৪৯টি। আক্ষেপ নিয়ে শান্ত বলছিলেন, ‘অবশ্যই আনন্দ তো একটু আছে। আমার প্রথম সেঞ্চুরি (ওয়ানডেতে)। কিন্তু আক্ষেপও আছে। আক্ষেপ হচ্ছে ম্যাচটা শেষ করতে পারলে আরও বেশি খুশি হতাম।’
দারুণ শুরু পেয়ে ইনিংসের পূর্ণতা দিতে না পারা শান্তর ক্ষেত্রে অনেকবার দেখা গেছে। চেমসফোর্ডে সে ভুল করেননি। এই ইনিংস নিয়েই শান্ত বলছিলেন, ‘আলাদা কোনো পরিকল্পনা ছিল না। শুধু বল দেখেছি। সে অনুযায়ী খেলেছি। উইকেট খুব ভালো ছিল। নতুন বল ব্যাটে খুব ভালো আসছিল। কী পাব, না পাব নিয়ে চিন্তা করিনি। জানি, যদি ঠিকমতো ব্যাট করতে পারি, তাহলে আমি সেঞ্চুরি পাব।’
শান্তর সেঞ্চুরিতে একটু কৃতিত্ব পেতেই পারেন নির্বাচকেরা। সমালোচনার কষাঘাতে তিনি নিজে যেমন বিদ্ধ হয়েছেন, হতে হয়েছে নির্বাচকদেরও—কেন তাঁরা তাঁকে এত সুযোগ দিচ্ছেন! নির্বাচকদের প্রতি তাই শান্তর কৃতজ্ঞতা, ‘নির্বাচক, বোর্ড ও আগের কোচিং স্টাফ (ধন্যবাদ) পাবেন। অনেক ম্যাচ খেলার সুযোগ কিন্তু আমি পেয়েছি। এটা আমাকে সহায়তা করছে। তাঁদের প্রতি ধন্যবাদ, কারণ বিশ্বাসটা আমার ওপর ছিল। তবে এখনো অনেক দূর যেতে হবে। এটা যদি ধরে রাখতে পারি, আমার জন্য ভালো, দলের জন্যও ভালো।’
তা ধরে রাখতে পারতেই যে হবে শান্তকে!