হোম > ছাপা সংস্করণ

জেলের বুদ্ধি

বিরস

কোনো এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন। কারণ, মাছ তাঁর খুব প্রিয় খাবার। এ জন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে ৫০০ টাকা দিয়ে দিলেন।

এদিকে পাশেই বসে থাকা রানি ফিসফিস করে রাজাকে বললেন, ‘এই সামান্য মাছটার দাম তুমি ৫০০ টাকা দিয়ে দিলে? খুশি হয়ে বড়জোর তাকে ৮০ থেকে ১০০ টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো।’

রাজামশাই বললেন, ‘কী বলো রানি! রাজারা যা বলে তার নড়চড় করা অসম্ভব। তা ছাড়া, এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার।’

রানি বললেন, ‘আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না। জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দেবে।’

রাজামশাই বললেন, ‘কী বুদ্ধি?’

রানি বললেন, ‘জেলেকে ডেকে বলবে, তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী? যদি জেলে বলে মাছ পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে মাছ স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে! অতএব, জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে।’

রানির বুদ্ধিতে রাজা খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, ‘তোমার মাছটা কোন জাতের? পুরুষ না স্ত্রী?’

জেলে থতমত হয়ে একটু ভেবেচিন্তে বলল, ‘জাহাঁপনা, আমার মাছটা পুরুষও না, স্ত্রীও না। আমার মাছটা হলো হিজড়া!’

এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানিও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন!

রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও ৫০০ টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট ১ হাজার টাকার পোঁটলা নিয়ে বের হয়ে যাচ্ছেন। রাজমহলের সদর দরজার সামনে যেতেই পোঁটলা থেকে পাঁচটি টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খেল, কপালে লাগাল।

রানি এটা দেখে রাগে ফোঁস ফোঁস করে বললেন, ‘জাহাঁপনা, এই জেলে এত লোভী কেন? ১ হাজার টাকা থেকে মাত্র ৫টি টাকা পড়ে গেছে, জেলের তা সহ্য হচ্ছে না জাহাঁপনা, আপনি তাঁকে শাস্তি দিন।’

রাজাও ভাবলেন, ঠিকই তো মাত্র ৫ টাকা পড়ে গেছে, দরজা দিয়ে কত গরিব মানুষ আসা-যাওয়া করে তারা নাহয় কুড়িয়ে নিত।

রাজামশাই জেলেকে ডেকে রাগত স্বরে বললেন, ‘এই জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র ৫ টাকার লোভ সামলাতে পারলে না? তা তুলে চুমু খাচ্ছ? তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে।’

জেলে বলল, ‘জাহাঁপনা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানিমার নাম লেখা আছে। তাই ভাবলাম, টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে আর আমার রাজা ও রানিমার ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম।’

জেলের কথায় তো রাজামশাই বেজায় খুশি। জেলেকে আরও ৫০০ টাকা দিলেন। মোট ১ হাজার ৫০০ টাকা দিয়ে জেলেকে বিদায় করে রাজ ঘোষককে বললেন, ‘তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, রাজ্যের সব মানুষ যেন আমার মতো অন্যের বুদ্ধিতে চলে ৫০০ টাকার মাছ শেষ পর্যন্ত ১ হাজার ৫০০ টাকায় না কেনে। সবাই যেন জেলের মতো নিজের বুদ্ধিতে চলে।’

খ. শতবর্ষী এক বৃদ্ধের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর সুহৃদরা। অনুষ্ঠানে উপস্থিত এক সাংবাদিক বৃদ্ধের কাছে জানতে চাইলেন, ‘আপনার এই দীর্ঘায়ুর পেছনে গোপন রহস্য কী?’

বৃদ্ধ খুকখুক করে কেশে একটু রহস্য তৈরি করলেন। তারপর বললেন, ‘এই প্রশ্নের উত্তর এখনই দিতে পারছি না।’

কৌতূহলী সাংবাদিক সঙ্গে সঙ্গে ‘কেন কেন’ বলে উঠলেন।

বৃদ্ধের উদাস কণ্ঠের জবাব: একটি ওষুধ কোম্পানি, একটি জুসের কোম্পানি এবং একটি শক্তিবর্ধক বিস্কুট কোম্পানির সঙ্গে দরদাম চলছে। যে সবচেয়ে বেশি দাম হাঁকবে তার নাম বলব। এই প্রক্রিয়া শেষ হতে দিন দুই লাগবে।