হোম > ছাপা সংস্করণ

বাংলাদেশ সেরা হতে পারে

ওমর ফারুক

প্রশ্ন: বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন, আপনার অনুভূতি কী? 
অ্যালান ডোনাল্ড: সবকিছুই খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এক সপ্তাহ আগেও আমি রাজ্যের দল আইটেক নাইটসের হয়ে কাজ করছিলাম। এখন বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারব বলে আনন্দিত। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে আমি খুব খুশি। বাংলাদেশের তরুণ পেসারদের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। 

প্রশ্ন: বাংলাদেশ পেসারদের সঙ্গে কাজ করাটা কতটা চ্যালেঞ্জিং হবে? 
ডোনাল্ড: যেকোনো পরিস্থিতিতেই কাজ করা সব সময় চ্যালেঞ্জিং। নির্ভর করছে আপনি কোন পর্যায়ে কাজ করবেন। দক্ষতা, জ্ঞান, দলের প্রতিদ্বন্দ্বিতা, মানসিকতা—সবকিছুতেই। তারা নিজেদের বোলিং নিয়ে কী ভাবছে। আমি পেস গ্রুপের পরিচিতি নিয়ে অনেক কথা বলি, দলের পেসাররা কতটা ক্ষুধার্ত সেটা নিয়ে। তারা স্বাভাবিকভাবেই আন্তরিক হয়। আমি, শন পোলক, ল্যান্স ক্লুজনার, মাখায়া এনটিনি, জ্যাক ক্যালিস আমরা গ্রুপ হিসেবে খুব আন্তরিক ছিলাম। বেশির ভাগ বোলিং আক্রমণই এমন। নিজেদের মধ্যে অভিজ্ঞতা ভাগাভাগি করে। একজন আরেকজনকে সব জায়গায় সহায়তা করে। বাংলাদেশে যাওয়া দারুণ ব্যাপার হবে। 

প্রশ্ন: বাংলাদেশের প্রধান কোচ আপনারই স্বদেশি রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ নিয়ে তাঁর সঙ্গে কতটা আলোচনা হয়েছে?
ডোনাল্ড: আমি গত সপ্তাহে রাসেলের সঙ্গে কথা বলেছি। সোমবার দলের সঙ্গে যোগ দেওয়ার পর তার সঙ্গে আরও আলোচনা করব। আমার কালও (গতকাল) রাজ্যের হয়ে একটা ম্যাচ আছে। এরপর সোমবার বিকেলে বাংলাদেশ দলে যোগ দেব। আমি রাসেলকে ভালোভাবেই চিনি, দারুণ মানুষ। কোচিংয়ে খুব ভালো করছে। বাংলাদেশকে নিউজিল্যান্ডে অসাধারণ জয় এনে দিয়েছে। যদিও সিরিজ জেতাতে পারেনি। আমি ওর সঙ্গে চার বছর কাজ করেছি, খুব ভালো বোঝাপড়া আছে। আমরা একসঙ্গে ভালো সময় কাটিয়েছি। এমন একটা জায়গায় যাওয়া ভালো, যেখানে আমি প্রধান কোচকে চিনি। 

প্রশ্ন: বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি নিয়ে আপনার ধারণা কেমন? 
ডোনাল্ড: প্রতিটা দেশের ক্রিকেট সংস্কৃতিই আলাদা। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছুটা খোঁজখবর রাখি, তবে তা গভীরভাবে নয়। টিভিতে সাম্প্রতিক সময়ে অনেক ক্রিকেট দেখেছি। কীভাবে সময়ের সঙ্গে বিশ্ব ক্রিকেট এগিয়েছে। করোনার কারণে গত কয়েক বছর কঠিন ছিল। সবকিছু আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে। সুরক্ষাবলয় থাকছে না, খেলোয়াড়েরা স্বাধীনভাবে বের হতে পারছে। কাছ থেকে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি দেখা দারুণ হবে। তারা এমন দল ছিল, যারা আগে অনেক দলকে আপসেট করেছে। এখন তারা আরও ভালো করবে। 

প্রশ্ন: গত কয়েক বছরে বাংলাদেশের পেস বোলারদের সঙ্গে কাজ করেছেন কোর্টনি ওয়ালশ ও ওটিস গিবসন। যদিও ওয়ালশের মতো কিংবদন্তি সেই অর্থে ছাপ ফেলতে পারেননি। আপনি কতটা চ্যালেঞ্জিং মনে করছেন? 
ডোনাল্ড: বড় নাম হতে পারে অথবা ছোট নাম, এটা বিষয় না। গুরুত্বপূর্ণ হচ্ছে দলের ওপর কী প্রভাব আছে, আপনি যখন থাকবেন না তখন খেলোয়াড়েরা কীভাবে এগিয়ে যাবে, সেগুলো। অ্যালান ডোনাল্ড কিংবা কোর্টনি ওয়ালশের মতো নামে কিছু আসে যায় না। এটা নামের ব্যাপার নয়। আপনি কোচ হিসেবে কী ভাবমূর্তি তৈরি করতে পারলেন, এটাই ব্যাপার। আমি বিশ্বের বিভিন্ন দেশের ড্রেসিং রুমে অনেক সময় কাটিয়েছি। অনেক আন্তর্জাতিক দলের হয়েও কাজ করেছি। তিন সংস্করণে আমার জ্ঞান বেশ ভালো। আমি খেলোয়াড়দের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চাই। প্রথমে জানতে হবে খেলোয়াড়েরা আলাদা সংস্করণ নিয়ে কী ভাবছে। যদিও আমরা এখানে প্রথমে ওয়ানডে ও পরে আমার পছন্দের সংস্করণ টেস্ট খেলব। হ্যাঁ, নিজের ভাবনা তরুণ পেসারদের জানাতে উন্মুখ হয়ে আছি। 

প্রশ্ন: নিশ্চয়ই জানেন, বাংলাদেশ কখনো দক্ষিণ আফ্রিকায় জেতেনি। ওখানে এবার বাংলাদেশের ভালো করার ব্যাপারে কতটা আশাবাদী? 
ডোনাল্ড: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতেনি। যদি আপনি দক্ষিণ আফ্রিকায় কোনো আশা নিয়ে না আসেন, তাহলে আসার মানে কী? যদি বাংলাদেশ কয়েক দিন আগে বিশ্বের এক নম্বর দলকে হারাতে পারে, তাহলে কেন এখানে একই ভাবনা আসবে না? আর এটা সম্ভব, অবশ্যই সম্ভব। আমার কোচিংয়ের প্রক্রিয়া মানসিক। এই পর্যায়ের খেলতে টেকনিক্যাল সক্ষমতায় খুব বেশি মনোযোগ দিতে পারবেন না। এসেই লড়াই করতে হবে। আপনাকে এখানে নিজের কাজটা সঠিকভাবে করতে হবে। নিজের খেলা নিয়ে কোনো দ্বিধা থাকলে তা দ্রুত দূর করতে হবে। যদি খেলাটাকে ভেতর থেকে চিন্তা করেন, নিজের মাথা ঠিক রাখতে পারেন, ভয়ডরহীনভাবে লড়তে পারেন, তখন যে কাউকে হারাতে পারবেন। যদি বাংলাদেশ এখানে এই আশা নিয়ে আসে, তাহলে এটা কাজে দেবে। টেস্ট ম্যাচ দুটি বোলারদের জন্য কঠিন হবে।

প্রশ্ন: তাসকিন-ইবাদত-শরীফুলদের মতো তরুণ পেসাররা আপনার সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী। বিষয়টা কীভাবে দেখছেন? 
ডোনাল্ড: হ্যাঁ, আপনি কয়েকজনের কথা বললেন। আমি তাসকিন, ইবাদত, শরীফুলদের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। খালেদ আহমেদকে আমি চিনি। ফিজও (মোস্তাফিজ) আছে, সে এখানে সাদা বলে খেলতে আসবে। পরে আবার আইপিএলে যাবে। তরুণ এই গ্রুপটার সঙ্গে কাজ করতে ও নিজের ভাবনা শেয়ার করতে রোমাঞ্চিত বোধ করছি। তারা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে আমাকে মুগ্ধ করেছে। তারা দেখিয়েছে সেরা দলের সঙ্গে ভালো করতে পারে। আমি লড়াই শুরুর আগে খুব বেশি সময় পাব না। বলব না অনেক কিছু বদলাতে পারব। কিন্তু কিছু মানসিক ও ভাবনার বদল আনা সম্ভব। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ব্যাপারে আমার কিছু ধারণা আছে, এই তরুণ গ্রুপটার সঙ্গে তা শেয়ার করব। 
প্রশ্ন: সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফাস্ট বোলিং বিভাগ আগের চেয়ে ভালো অবস্থানে আছে। আপনার কী মনে হয় পেস বোলিং বিভাগ হিসেবে বাংলাদেশও একদিন সেরাদের কাতারে থাকবে? 
ডোনাল্ড: বাংলাদেশ সেরা হতে পারে, কেন নয়? আমি এটা বলেছি। আপনি আশা ছাড়তে পারেন না। আমার ভাবনা সব সময় আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া উচিত। সবার মানসিকতা এক না। কিন্তু ফাস্ট বোলাররা সংক্ষেপে ভাবতে পারে না। আপনার মানসিক বিশ্বাস শক্তিশালী হতে হবে। এটা এখনই শুরু করার ভালো সময়। আশা করি সামনের ৯ মাসে আমি মানসিকতায় বদল আনতে পারব। 

প্রশ্ন: বর্তমানে আপনার মতো ফাস্ট বোলাররা দুর্লভ হয়ে উঠেছে। ৪০০-৫০০ উইকেট নেওয়া বোলারের সংখ্যাও কমে আসছে। এ ক্ষেত্রে জিমি অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রডরাই কি শেষ পতাকাধারী? 
ডোনাল্ড: তিন সংস্করণের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগের আধিপত্য। ছেলেরা অনেক বেশি ক্রিকেট খেলে, যেটা আমি খেলোয়াড়ি জীবনে পারিনি। আলাদা লিগে চুক্তি করে ভালো টাকা পাচ্ছে। খেলোয়াড়েরা নিজেদের পছন্দমতো আগাচ্ছে। রাইলি রুশোর মতো অনেকে শুধু টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিচ্ছে। টেস্টে বোলাররা হয়তো আর ৪০০-৫০০ বা ওয়ানডেতে ৩০০+ উইকেট নিতে পারবে না। ফিজের (মোস্তাফিজ) মতো ছেলে, সে যখন টেস্টে আসে, খুব ভালো সম্ভাবনাময় ছিল। এখন শুধু সাদা বলের ক্রিকেট খেলছে। দুর্ভাগ্যবশত টি-টোয়েন্টি ক্রিকেট শুধু  অর্থের জন্য। তাদের দোষ দিতে পারেন না, অনেক টাকা পাচ্ছে। কিন্তু এটা লজ্জার, টেস্ট সব সময় আমার প্রিয় ফরম্যাট তাই বললাম। 

প্রশ্ন: খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের বিপক্ষে কোনো মজার ঘটনার কথা কি মনে পড়ে? 
ডোনাল্ড: আমি সত্যিই মনে করতে পারছি না। কারণ বাংলাদেশের সঙ্গে দুইটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা আমার। সেটাও অনেক আগের কথা। মনে আছে, বাংলাদেশ কেবল আলোচনায় আসা এক দল।