হোম > ছাপা সংস্করণ

ভারতের রাজনীতি অরাজনৈতিক কৌশলের সন্ধানে পিকে

তরুণ চক্রবর্তী

আম আদমি বা সাধারণ মানুষের কিসে ভালো হবে, দেশের উন্নতিই-বা কিসে হবে, তা নিয়ে খুব একটা চিন্তিত নন ভারতীয় নেতারা। তাই সাধারণ রাজনীতির ওপর মানুষের আস্থা দিন দিন কমছে। আর এখান থেকেই শুরু হচ্ছে অরাজনৈতিক ব্যক্তিদের রাজনৈতিক উত্থান। জনতা-জনার্দন বুঝে গেছেন, রাজনীতি মানেই এখন শুধু পয়সা কামানোর কৌশল। তবে ধর্ম, আঞ্চলিকতাবাদ বা বিকল্প রাজনীতির সুড়সুড়ির প্রতি এখনো অনেকের আস্থা রয়েছে। তাই খড়-কুটোর মতো অন্য ধরনের রাজনীতির গন্ধ পেলে তাকেই আঁকড়ে ধরছেন অনেকে। এটাকেই পুঁজি করে উত্থান হয়েছিল উচ্চশিক্ষিত তথাকথিত অরাজনৈতিক ব্যক্তিত্ব অরবিন্দ কেজরিওয়ালের। ভারতের সুপরিচিত ভোট ইঞ্জিনিয়ার প্রশান্ত কিশোরও একই পথের পথিক হতে চলেছেন। ঠিকমতো আতস কাচের নিচে ধরলে বিজেপির উত্থানের পেছনেও কিন্তু রয়েছে একই যুক্তি। এমনকি, মাও-দের সারভাইভালের পেছনেও রয়েছে প্রতিষ্ঠিত রাজনৈতিক ধারণার বিপরীতে বিকল্পের সন্ধান।

বহুকাল ভারতীয় রাজনীতির গতি-প্রকৃতি কংগ্রেসি ঘরানায় পরিচালিত হয়েছে। বিরোধিতাও এসেছে কংগ্রেস ঘরানা থেকেই। কংগ্রেস কোনো একটি মতবাদনির্ভর দল নয়, সব মতবাদকে নিয়েই পরিচালিত। উদারপন্থী নেতৃত্ব দেশটির স্বাধীনতাসংগ্রামের সাফল্যকে ভাঙিয়ে খেয়েছে বহুকাল। একসময় কংগ্রেসই ছিল রাজনৈতিক নেতাদের একমাত্র সাফল্যের প্ল্যাটফর্ম। কিন্তু ইন্দিরা গান্ধী তাঁর জীবদ্দশাতেই দলটিতে সফলভাবে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করে কংগ্রেসের একচেটিয়া রাজনীতিতে কিছুটা হলেও বিপদের বীজ পুঁতে দেন। সেই বীজ থেকেই আজ বিপদ মহিরুহ হয়ে দাঁড়িয়েছে। তাঁর উত্তরসূরিদের নেতৃত্বের দৈন্যে কংগ্রেস ডুবন্ত জাহাজের সঙ্গে তুলনীয়। সংসদীয় রাজনীতির প্রতি সাধারণ মানুষের অনাস্থার পেছনে দায়ী কংগ্রেসের পরিবারতন্ত্র এবং দুর্নীতির পরম্পরা। একসময় ভারতের শিক্ষিত ও অভিজাতদের সংগঠন কংগ্রেস আম আদমির দল হতে গিয়ে প্রচুর বেনোজলকে আশ্রয় দিয়েছে। ফলে অশিক্ষিত, সমাজদ্রোহী থেকে শুরু করে সমাজের নিকৃষ্ট শ্রেণির লোকেরা অনেকেই গান্ধী পরিবারকে তুষ্ট করার বিনিময়ে দলে ছড়ি ঘোরানোর সুযোগ পেয়ে গেছেন। ভারতীয় রাজনীতিতেও মাসলম্যানরাই অলংকার হয়ে উঠেছেন। সেই সঙ্গে শিক্ষিতরাও ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টায় নানা অপকর্মের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষের কাছে বিরাগভাজন হয়ে উঠেছেন। মানুষ আর নেতাদের সম্মানের চোখে দেখেন না, এটাই বাস্তব। তবে ভয় পান তাঁদের প্রতাপ ও প্রতিপত্তিকে।

খাদ্য, বস্ত্র ও বাসস্থানের বদলে রাজনীতিতে বাহুবলিদের দাপট বাড়ছে। বাড়ছে সমস্যা সমাধানের বদলে সমস্যা তৈরির চেষ্টা। সাধারণ মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন তথাকথিত রাজনীতির কারবারিদের ওপর। বহু দাপুটে নেতাকে একান্তে বলতে শোনা যায়, তাঁদের ঘরের ছেলেমেয়েরাও স্কুল-কলেজে বন্ধুদের বাবার পরিচয় দিতে লজ্জা পান। কংগ্রেসের হাত ধরে ভারতের অন্য দলগুলোতেও ঢুকে পড়েছে পরিবারতন্ত্রের ভাইরাস। যেখানে দক্ষতা নয়, বংশবৃক্ষই রাজনৈতিক সাফল্যের মাপকাঠি। নেতার ছেলে বা মেয়ে নেতা হবেন, এটাই যেন ভবিতব্য! গণতন্ত্রের কথা শুধু কাগজে-কলমেই লিপিবদ্ধ। ব্যতিক্রম শুধু বিজেপি ও বামেরা।

প্রথমে আসা যাক বামেদের কথায়। বামেরা নিজেরাই মার্ক্সীয় দর্শনের ব্যাখ্যা নিয়ে এত বেশি বিরোধে ব্যস্ত যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা কেরালা ছাড়া গত ১০০ বছরে কোথাও দাগ কাটতে পারেননি। আবার পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বহুকাল শাসনে থাকার ফলে তাদের সঙ্গে ডানপন্থীদের অর্থনীতির ফারাক ঘুচেছে। কেরালায় এবার ব্যতিক্রম হলেও সেখানে পাঁচ বছর পরপর সরকার বদল বামদেরও সতর্ক রেখেছিল। তবে সেখানেও অর্থনৈতিক কর্মকাণ্ডে বামদের সঙ্গে ডানদের ফারাক নেই। তাই সেখানকার বামপন্থী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিজেপিশাসিত গুজরাটে যাচ্ছেন উন্নয়নের মডেল শিখতে। ভারতের সবচেয়ে বড় কমিউনিস্ট পার্টি সিপিএম তৈরিই হয়েছিল কংগ্রেসকে বিরোধিতা করার জন্য। তাই যখন সিপিএমসহ অন্য বামেরা জাতীয় রাজনীতিতে বেশ শক্তিশালী ছিলেন, তখন ধর্মীয় মৌলবাদের বদলে তাঁরা অন্ধ কংগ্রেস-বিরোধিতা করে নিজেদের পাশাপাশি শতাব্দীপ্রাচীন দলটিকেও দুর্বল করে তোলেন। সেই সুযোগেই উত্থান বিজেপির।

বিজেপি নেতারা বুঝেছিলেন, ভারতের ৮০ শতাংশ হিন্দু এবং মুসলিম ২০ শতাংশের কম। তাই হিন্দুত্বের ওপর ভর করে কংগ্রেস রাজনীতিকে ধ্বংস করার সুবর্ণ সুযোগ কাজে লাগান তাঁরা। বাধা হয়ে দাঁড়ায় ভারতীয়দের ধর্মনিরপেক্ষ মানসিকতা। কিন্তু সেটিকে অতিক্রম করতে কংগ্রেস ভাঙানো শুরু করেন বিজেপির নেতারা। এক ঢিলে দুই পাখি। কংগ্রেস দুর্বল হওয়ার পাশাপাশি দলবদলে বিজেপির শক্তিবৃদ্ধি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সাধারণ মানুষের দুর্ভোগ সবকিছুকে ছাপিয়ে যায় বিভাজনের রাজনীতি। সাধারণ রাজনীতির প্রতি মানুষের অনাস্থা বিজেপির উগ্র হিন্দুত্বের প্রতি আকর্ষণ বাড়াতে থাকে। অনেকেই শামিল হতে শুরু করেন এই বিকল্প রাজনীতির পথে। আরও দুর্বল হতে থাকে কংগ্রেস। আঞ্চলিক দলগুলো তাদের নিজস্ব আবেগকে কাজে লাগিয়ে স্থানীয়স্তরে সাফল্য পেলেও সেখানেও থাবা বসাতে শুরু করেছে ধর্মভিত্তিক রাজনীতি। আঞ্চলিক শক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে রাজ্যে বাড়ছে বিজেপির প্রভাব। আঞ্চলিক শক্তির কারণেই প্রায় এক ডজন রাজ্যে শাসক জোটে রয়েছে বিজেপি।

মানুষের মধ্যে পরিবারতন্ত্রের প্রতি অনাস্থা এবং দুর্নীতিগ্রস্ত নেতাদের প্রতি ঘৃণা থেকেই জন্ম নিয়েছিল আম আদমি পার্টির (আপ)। দিল্লি থেকে পাঞ্জাব আপের যাত্রাপথ কিন্তু বিকল্পের কথা বলেই। আগামী দিন আপের অগ্রসরের সম্ভাবনা কতটা, সেটি ভবিষ্যৎই বলবে। কিন্তু এখনই তাদের বিরুদ্ধে সন্দেহ শুরু হয়েছে সাধারণ মানুষের মনে। কারণ যেখানে যেখানে বিজেপির থেকে কংগ্রেস শক্তিশালী, সেখানেই আপকে বেশি সক্রিয় হতে দেখা গেছে। অনেকেই বলতে শুরু করেছেন, আপ আসলে বিজেপির সুবিধার্থেই ময়দানে রয়েছে। তবু উচ্চশিক্ষিত অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দলীয় নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি মানুষের মনে কিছুটা হলেও আস্থা জিইয়ে রেখেছে।

নেতাদের স্বচ্ছ ভাবমূর্তির বড় অভাব। তাই ধর্ম বা আঞ্চলিকতাবাদকে পুঁজি করতে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। বিষয়টি নজর এড়ায়নি ভোট ইঞ্জিনিয়ার প্রশান্ত কিশোরের। কংগ্রেসের সঙ্গে বহুদিন ধরে আলোচনা চালিয়েও তিনি সেই দলে পা বাড়াননি এই বিকল্পের সন্ধানেই। এমনকি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলও তাঁর জন্য লাল কার্পেট পেতে দিয়েছিল। তিনি তাতে পা দেননি। পর্যবেক্ষকদের মতে, বড় খেলোয়াড় প্রশান্ত। অরাজনৈতিক রাজনীতিকেই পুঁজি করতে চান। তাই বিহারের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতির নতুন ইনিংস শুরু করতে চাইছেন তিনি। সেই সঙ্গে বদলাতে চাইছেন রাজনৈতিক ঘরানাও। কংগ্রেস বা বিজেপির কৌশল তো নয়ই, এমনকি আপের অরাজনৈতিক কৌশলেও তাঁর ভরসা নেই। ভারতীয় রাজনীতিতে নতুন কৌশলের সন্ধানে নেমেছেন পিকে। বাকিটা বলবে ভবিষ্যৎ।