মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে এলাকায় শীতের আমেজ শুরু হয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ একই সময়ে তা নেমে আসে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে চলতি মৌসুমে এখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছিল।
অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের প্রভাব কম দেখা যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘এক দিনের ব্যবধানে শ্রীমঙ্গলে ৬ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে। যত সময় যাবে, ততই তাপমাত্রা কমতে থাকবে।’