হোম > পরিবেশ

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আজকের পত্রিকা

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ঐতিহাসিক দায়ের ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে ‘জলবায়ু ন্যায্যতার জন্য বৈশ্বিক কর্মসপ্তাহ’এর অংশ হিসেবে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশসহ ৩৫টি সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। ধরা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টায় জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সংহতি বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ৮টা ৩০ মিনিটে সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান, মনজুর হোসেন ঈসার সঞ্চালনায় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের গবেষণা প্রধান ইকবাল ফারুক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস।

আয়োজনে আরও অংশ নেন ঢাকা সাইক্লিং কমিউনিটির সভাপতি তাওহীদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি, মনজুর হোসেন ঈসাসহ পরিবেশকর্মী, তরুণ ও সাইক্লিস্টরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং অভিযোজনের ক্ষেত্রে ন্যায়সংগত ও জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।