আজ ১৮ শ্রাবণ। বর্ষার এই দিনগুলোতে বৃষ্টি হওয়া স্বাভাবিক। কিন্তু গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টির দেখা মেলেনি। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে।
আজ রোববার (২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বুলেটিনে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আর গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।