‘অর্ণব’ ও ‘মুরাসু’ নামে অক্টোবর ও নভেম্বরের প্রথমে পরপর দুটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। মধ্য নভেম্বরে তৃতীয় অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে উপকূলের দিকে। আরও তিন দিন সাগরে শক্তিসঞ্চয় করে তীব্রগতিতে এই ঘূর্ণিঝড়ও আঘাত হানবে অন্ধ্র প্রদেশে।
আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার মধ্যরাতের বিশেষ বুলেটিনে জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ একই এলাকায় কার্যত স্থির রয়েছে। এটি গত মধ্যরাতে (১৬ নভেম্বর) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আগামী ২০ নভেম্বর সন্ধ্যায় অতি প্রবল ঘূর্ণিঝড় হিসাবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
বিশেষ বুলেটিনে আরও উল্লেখ করা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
সে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।