তাপপ্রভাবের প্রভাবে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির দেখা তেমন নেই। তবে আবহাওয়া অধিদপ্তর দিয়েছে স্বস্তির বার্তা। আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের ১১টি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এর সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গরম কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আজ সকালে পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
এদিকে ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ দুপুর ১টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রপাতও হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে।