ভোরবেলা ছিল হালকা মিষ্টি বাতাস, এর পর সকাল হতে না হতেই ঝলমলে সূর্যের আলো। নীল আকাশ থেকে ছড়ানো রোদের তেজ তেমন নেই। আজ শুক্রবার ছুটির দিনে রাজধানী ঢাকার আবহাওয়া এমনই ছিল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও এর আশপাশের অঞ্চলে তাপমাত্রা কমতে পারে।
সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টিসহ বজ্র বৃষ্টি এবং দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত কমে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে। গত ২৪ ঘণ্টার ঢাকায় বৃষ্টি হয়েছে ৪ মিলিমিটার।
এদিকে আশ্বিনের এই বিদায়বেলায় সারা দেশে বৃষ্টির পরিমাণ কমে এসেছে। মৌসুমি বায়ু বিদায় নিলে হেমন্তকাল আসার আগেই বৃষ্টির পরিমাণ আরও কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে (আজ শুক্রবার) বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে বিদায় নিতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।