সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে বিরাজমান আবহাওয়াগত অবস্থার কারণে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন ওডিশা এলাকায় অবস্থান করা মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
অধিদপ্তর বলছে, এই পরিস্থিতিতে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিন দিনের ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। কোথাও কোথাও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা ওঠানামা করলেও সার্বিকভাবে আবহাওয়া থাকবে বর্ষণমুখর।