সারা দেশে মাঘ মাসে এবার শীত খুব একটা পড়েনি। কোথাও কোথাও তাপমাত্রা বৃদ্ধির কারণে গরমের অনুভূতি হচ্ছে। বইছে বাতাস। প্রকৃতির আচরণ বসন্ত কালের মতো। তবে তাপমাত্রা সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আজ মঙ্গলবার সকাল ৯টার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ৫ দিনের এই পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল ৪ ফেব্রুয়ারিও সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৫ ফেব্রুয়ারি ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরের দুই দিন ৬ ও ৭ ফেব্রুয়ারিও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজধানী ঢাকার তাপমাত্রা ১৮ দশমিক ৩ থেকে কমে আজ সকালে একই সময় ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে গতকাল সকালের তাপমাত্রা ছিল ১১ দশমিক ২, আজ হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে ১৪ দশমিক ২ থেকে বেড়ে হয়েছে ১৫, ময়মনসিংহে ১৬ দশমিক ২ থেকে হয়েছে ১৪ দশমিক ৬ এবং সিলেটে ১৪ দশমিক ২ থেকে হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে চট্টগ্রামে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ থেকে আজ সকালে হয়েছে ১৭ দশমিক ৩, বরিশালে ১৩ দশমিক ৮ থেকে হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে খুলনায় আগের দিনের মতো আজও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫।