হোম > পরিবেশ

নিম্নচাপ এখন কোথায় জানাল আবহাওয়া অধিদপ্তর, ৩ নম্বর সতর্কতা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূল অতিক্রম করে বর্তমানে স্থলভাগে অবস্থান করছে। এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার মধ্যরাতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে মোংলা, চট্টগ্রাম, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ দেশের রংপুর, রাজশাহী, খুলনা ও বিভাগের বেশির ভাগ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে—এই অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ দিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এ ছাড়া আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।