হোম > পরিবেশ

‘অর্ণব’ কোথায় গিয়ে দুর্বল হবে জানাল আবহাওয়া অধিদপ্তর

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

প্রায় সপ্তাহখানেক বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে আজ বুধবার ভোরবেলা ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। উপকূল পেরিয়ে যাওয়ার সময় অর্ণবের গতিবেগ ছিল প্রায় ১৫০ কিলোমিটার। কিন্তু উপকূল পেরোনোর পর উত্তরপশ্চিম এগিয়ে যেতে যেতে ধীরে ধীরে এটি দুর্বল হয়ে যাবে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্ক বার্তায় বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। অর্ণব বর্তমানে অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

তবে দুর্বল হয়ে যাওয়া ‘অর্ণবের’ প্রভাব আরও কয়েক দিন থাকবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ কোথাও কোথাও হতে পারে বৃষ্টিও। এর সঙ্গে তাপমাত্রাও কিছুটা কমতে পারে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্ক বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

এ ছাড়া দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।

এদিকে তাপমাত্রা নিয়ে সুখবর রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল জেলাসহ ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটিও প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া ১৫ দশমিক ৫ এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৭ দশমিক ৫। এ ছাড়া আজ সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায় ৩৫ মিলিমিটার।

যুক্তরাষ্ট্রে ৪০ বছরে বায়ুকল কেড়ে নিয়েছে ২ কোটি বাদুড়ের প্রাণ

১৫০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’

প্লাস্টিক বর্জ্যে সয়লাব সুন্দরবন

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ উপকূলে ভিড়বে ভোরে, এখন গতি ১৭০ কি.মি.

‘অর্ণব’ রূপ নিয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে, ৩ নম্বর সতর্কতা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানবে বুধবার, ২ নম্বর সতর্কসংকেত

এক গ্রীষ্মের দাবদাহেই ইউরোপে মৃত্যু ৫০ হাজার, ক্ষতি ১৭ বিলিয়ন ইউরো

গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আঘাত হানবে কোথায়

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা