হোম > পরিবেশ

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণের শঙ্কা, মাসের শেষে বাড়তে পারে শীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এতে নভেম্বরের শেষ দিকে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

আগামীকাল রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবারও একই ধরনের বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে।

তবে আগামী শনিবার থেকে বৃষ্টি কমতে পারে। এ দিন খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং কয়েকটি বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ছয় মিলিমিটার, কুতুবদিয়ায় দুই মিলিমিটার এবং চট্টগ্রাম ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।