হোম > পরিবেশ

নভেম্বরের বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি, দেশজুড়ে টানা ৫ দিনের আভাস

আজকের পত্রিকা ডেস্ক­

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার টিপটিপ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টিতে ব্যাহত হয় স্বাভাবিক চলাচল। ছবিটি রাজধানীর দৈনিক বাংলা এলাকা থেকে তোলা। ছবি: মেহেদী হাসান

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভিজছে রাজধানী। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জরুরি কাজে ঘর থেকে বের হওয়া মানুষও পড়েন বিপাকে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত তা অব্যাহত ছিল। এতে অফিস ও স্কুলগামীদের বেশি ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়েন অনেকে।

বৃষ্টিতে ভোগান্তির চিত্র তুলে ধরে উত্তরার বাসিন্দা ও অফিসগামী সায়েম বলেন, বাসা থেকে বের হওয়ার সময় সঙ্গে ছাতা নেননি। পথে হঠাৎ বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি।

আরেক অফিসগামী প্রেরণা হক বলেন, দীর্ঘক্ষণ চেষ্টা করেও রাইড শেয়ারিং অ্যাপে কোনো গাড়ি বা সিএনজিচালিত অটোরিকশাচালকের সাড়া পাননি। ফলে বৃষ্টির মধ্যে গন্তব্যে যাওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হয় তাঁকে।

অন্যদিকে হাতিরঝিলের বাসিন্দা জান্নাত জানান, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ব্যাটারিচালিত রিকশা পাচ্ছিলেন না। এ সুযোগে গন্তব্যে যেতে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া দাবি করছিলেন।

৫ দিন বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আগামীকাল শুক্রবার আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শনিবারও আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভিজছে রাজধানী। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃষ্টির কারণে কাজে বের হওয়া মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। ছবিটি দৈনিক বাংলা এলাকা থেকে তোলা। ছবি: মেহেদী হাসান

রোববার রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।