হোম > পরিবেশ

বৃষ্টি কমছে কেন, গরম আরও বাড়বে কি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকে বর্ষাকাল (আষাঢ় থেকে আশ্বিন)। এ সময় সারা বছরের প্রায় ৮০ শতাংশ বৃষ্টিপাত হয়ে থাকে। মৌসুমি বায়ুও অক্টোবরের প্রথম সপ্তাহে সাধারণত বিদায় নিয়ে থাকে।

মৌসুমি বায়ুর এই বিদায় বেলায় দেশে বৃষ্টির পরিমাণ কমে এসেছে। চট্টগ্রাম অঞ্চল ছাড়া বাংলাদেশের কোথাও তেমন বৃষ্টি হয়নি। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে ১৩১ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানী ঢাকায় ছিল ৩৩ দশমিক ২। দিনের বেলায় ভ্যাপসা গরম পড়লেও মধ্যরাতে তাপমাত্রা কমছে। শহরাঞ্চল ছাড়া কোথাও কোথাও কুয়াশায়ও পড়ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে।

গতকাল বুধবার সন্ধ্যায় আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। তবে আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

এদিকে রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

নিরপেক্ষতা পরীক্ষা: কোনো পক্ষের প্রতিক্রিয়া প্রযোজ্য নয়।