কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে আবারও রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহ বা হিটওয়েভ আঘাত হেনেছে। এর ফলে ওই সব অঞ্চলে চরম তাপমাত্রা ও বায়ুদূষণ বেড়ে গিয়েছে।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, কানাডার বেশ কয়েকটি প্রদেশে চরম তাপমাত্রার সতর্কতা জারি রয়েছে। এর মধ্যে ওন্টারিওর অধিকাংশ এলাকা এবং কুইবেক, ম্যানিটোবা ও নর্থওয়েস্ট টেরিটোরিসের কিছু অংশ রয়েছে। এসব এলাকার লাখ লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
পূর্বাভাসে বলা হয়েছে, একটি শক্তিশালী উচ্চ বায়ুচাপ বলয় পূর্ব দিকে অগ্রসর হওয়ার কারণে কানাডাসহ যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট (মধ্য-পশ্চিম) ও নর্থইস্ট (উত্তর-পূর্ব) অঞ্চলে এই উচ্চ তাপমাত্রা বুধবার পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মন্টানা ও ইউটাহ অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায়ও রেকর্ডভাঙা তাপপ্রবাহ বয়ে যায়।
গতকাল মঙ্গলবার কানাডার শহর টরন্টোতেও তাপমাত্রা রেকর্ড গড়ার মতো বেড়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৯৮ ডিগ্রি ফারেনহাইট (৩৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত গিয়ে ঠেকে।
আঞ্চলিক গণপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, চরম তাপমাত্রায় রেললাইনগুলোর অবস্থা নাজুক হয়ে পড়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে। এদিকে এনভায়রনমেন্ট কানাডা সতর্ক করেছে, গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে বায়ুর মান আরও খারাপ হতে পারে।
কানাডার মধ্য ও পূর্বাঞ্চলেও তীব্র গরম পড়েছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে শীতল বায়ুপ্রবাহের সম্ভাবনা রয়েছে যার প্রভাবে সেখানে তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে তীব্র বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে, যা যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের কিছু এলাকাকেও প্রভাবিত করতে পারে।
এ সপ্তাহের শেষে উত্তর আমেরিকার পূর্বাঞ্চলে বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যাতে তীব্র গরম কমতে পারে। তবে অনেক এলাকায় তাপমাত্রা মৌসুমি স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্রের বোস্টন, নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া এবং পশ্চিমে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো পর্যন্ত শহরগুলোতে লাখো মানুষকে তাপমাত্রা সতর্কতা জানানো হয়েছে।
এই তাপপ্রবাহের মূল ধকল যাবে নর্দান প্লেইনস (উত্তর সমভূমি), মিডওয়েস্ট ও নর্থইস্টের ওপর দিয়ে। আজ বুধবার শিকাগোর তাপমাত্রা ৯৭ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
অন্যদিকে নিউইয়র্কের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে, আর ওয়াশিংটন ডিসিতে ১০২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।কোথাও কোথাও তাপমাত্রা এর চেয়েও বেশি হতে পারে। একই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম আরও অস্বস্তিকর অনুভূত হবে।
চলতি সপ্তাহের শুরুর দিকে মন্টানার বিলিংস শহরের তাপমাত্রা ১১১ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়, যেখানে এর আগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১০৮ ডিগ্রি ফারেনহাইট। ইউটাহর সল্টলেক সিটিতে আগের ১০৭ ডিগ্রি ফারেনহাইটের রেকর্ড ভেঙে তাপমাত্রা ১০৯ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়।
এর আগে গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও মিডওয়েস্টে রেকর্ড তাপমাত্রায় ১৬ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ বিপর্যস্ত সময় কাটিয়েছেন এবং অন্তত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এই তীব্র গরমের কারণে আমেরিকার স্বাধীনতা দিবসের (ফোর্থ অব জুলাই) উদ্যাপনও ব্যাহত হয়েছে। গরমে ওয়াশিংটন ডিসির প্যারেড বাতিল করতে হয়েছিল।