নদী ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘পল্লীমা গ্রীণ স্বর্ণপদক-২০২৫’ পেলেন নদী গবেষক, সংগঠক ও লেখক শেখ রোকন। তিনি নদী সুরক্ষা বিষয়ক নাগরিক সংগঠন রিভারাইন পিপলের প্রতিষ্ঠাতা ও মহাসচিব।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শনিবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন, মহাসড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব তাঁর হাতে স্বর্ণপদক দেন।
পল্লীমা গ্রীণের চেয়ারম্যান আউয়াল কামরুজ্জামান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি। আরও বক্তব্য দেন পাট থেকে পচনশীল পলিথিন ‘সোনালি ব্যাগ’ উদ্ভাবক এবং ২০১৮ সালে পল্লীমা গ্রীণ সম্মাননাপ্রাপ্ত ড. মোবারক আহমদ খান, পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মু. হাফিজুর রহমান ময়না, সভাপতি আনিসুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আবু হায়দার, পল্লীমা গ্রীণের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল কিমু।
সম্মাননা গ্রহণের প্রতিক্রিয়ায় শেখ রোকন বলেন, দেশের নদীগুলো আজ নানাভাবে হুমকির মুখে। পরিকল্পনাহীন উন্নয়ন, দখল ও দূষণের কারণে অনেক নদী হারিয়ে যাচ্ছে। নদীকে রক্ষা করা না গেলে পরিবেশ ও মানবজীবন–দুটিই সংকটে পড়বে। একই সঙ্গে নদী রক্ষায় ভবিষ্যতেও কাজ চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।