মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিতে অচল হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং চট্টগ্রাম বন্দরনগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় যা ছিল ২৮ মিলিমিটার।
তবে আজ ভোর ৬টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আরও বেড়েছে। বৃষ্টিতে প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি কম-বেশি এ মাসে থাকবে। তবে এখনকার ভারী বৃষ্টি রোববার ১২ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
আজ শুক্রবার সকালে পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।