উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশপাশের পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় নতুন করে আরও একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।
আজ শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুমণ্ডলের তারতম্য তৈরি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে হবে। সমুদ্রের আবহাওয়া প্রতিকূল থাকার সম্ভাবনা থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার সব ট্রলার ও নৌকাকে সাবধানে চলাচল করতে হবে।
এদিকে আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।