অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মাত্র দুই দিন আগে ২৮ অক্টোবর আঘাত হানে ভারতের অন্ধ্রপ্রদেশে। এটি এখন সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়ে ছত্তিশগড় এ আশপাশের এলাকায় অবস্থান করছে। অর্ণবের প্রভাবে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় সামান্য হলেও সবচেয়ে বেশি বৃষ্টি হয় রাজশাহীতে ৪৬ মিলিমিটার। এ কারণে তাপমাত্রাও আগের কয়েক দিনের তুলনায় কিছুটা কম ছিল।
তবে অর্ণবের রেশ কাটতে না কাটতে সাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসতে পারের বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এই অঞ্চলে বেলা ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকাতে পারে। এ সময় সামান্য বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে উত্তর-পূর্ব অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। এ ছাড়া রাজধানীতে আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে।